সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকা থেকে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ডিআইবি ইন্সপেক্টর জয়ন্ত পালের ছিন্নভিন্ন মৃতদেহ। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে,স্থানীয় লোকজনদের অনেকেই দুর্ঘটনার বিষয়টি মানতে চাইছেন না। বাঁকুড়ার কেঠারডাঙ্গা রেলগেট দিয়ে একসময় সাধারণ মানুষ রেললাইন পারাপার করলেও বছর খানেক আগে রেলগেট সংলগ্ন এলাকায় সাব ওয়ে তৈরী হওয়ায় রেলের তরফে রেলগেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ওই বন্ধ রেলগেট দিয়ে পারাপার করলে মাঝে মধ্যেই রেল পুলিশ হানা দিয়ে মোটা অঙ্কের জরিমানা করে। স্বাভাবিক ভাবেই রেললাইনের উপর দিয়ে জয়ন্ত পাল রেল লাইন পারাপার করছিলেন এই তত্ব মানতে নারাজ তারা। তাছাড়া অকূস্থল রেল গেট থেকে প্রায় ৫০ মিটার ভেতরে। লাইন যদি পারাপারই করেন ওই পুলিশ আধিকারিক তাহলে গেট ছেড়ে কেন তিনি এতটা ভেতরে গিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই পুলিশ আধিকারিক আত্মহত্যার উদ্দেশ্য নিয়েই এসেছিলেন লাইনের উপরে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।
রেল লাইনের ধার থেকে পুলিশ আধিকারিকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার
RELATED ARTICLES



