সংবাদদাতা,দুর্গাপুরঃ রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে বিজেপি সরকার। বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি,আশা কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের এই ঘোষণার পর বিজেপি নেতৃত্ব এই বাজেটকে সাধারণ ও প্রান্তিক মানুষের উন্নয়নমুখী বাজেট বলে অভিহিত করেছেন। বাজেটে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে মেট্রো রেল চালুর প্রস্তাবও রয়েছে। রয়েছে কর্মসংস্থানের দিশাও। এই বাজেটকে স্বাগত জানিয়ে সোমবার সিটি সেন্টারে এডিডিএ ভবনের সামনে পথচলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি,এই বাজেটে শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গাপুরে মেডিকেল হাব গড়ে তোলা, ইন্ডাস্ট্রিয়াল করিডর নির্মাণ এবং ভবিষ্যতে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনার কথা উল্লেখ করে তাঁরা বলেন,এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দলের কর্মী-সমর্থকদের মতে, এই বাজেট রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজেপির প্রথম বাজেট,দুর্গাপুরে মিষ্টিমুখ করালেন দলের কর্মীরা
RELATED ARTICLES



