দুর্গাপুর,১১ সেপ্টেম্বরঃ দরজায় তালা। কাউন্টার ফাঁকা। তালা দেখে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। শুক্রবার এমনই ছবি দেখা গেল দুর্গাপুর,আসানসোল সহ জেলার প্রায় জায়গায়। পাঁচ দিনের কর্মদিবস-সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার দেশ জুড়ে ২৪ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট-এর ডাক দিয়েছে কর্মী ও আধিকারিকদের যৌথমঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বহু শাখায় পরিষেবা কার্যত থমকে যাওয়ায় নগদ লেনদেন,চেক-সংক্রান্ত কাজ-সহ শাখা ভিত্তিক নানা পরিষেবা ব্যাহত হয়। জরুরি প্রয়োজনে ব্যাঙ্কে এসে পরিষেবা না পেয়ে ক্ষোভও প্রকাশ করেন বহু গ্রাহক। ধর্মঘটের পর টানা দু’দিন এমনিতেই ব্যাঙ্ক বন্ধ। ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এবং ১৩ সেপ্টেম্বর রবিবার। ফলে শুক্রবারের ধর্মঘটের সঙ্গে মিলিয়ে বহু গ্রাহকের জন্য তৈরি হয়েছে টানা তিন দিনের অচলাবস্থা। তার পর ১৪ সেপ্টেম্বর সোমবার কয়েকটি রাজ্যে গণেশ চতুর্থীর সরকারি ছুটি থাকায় দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধের মেয়াদ গড়াতে পারে চার দিনেও। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি—সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রেখে শনিবার ও রবিবার পূর্ণাঙ্গ ছুটি। দীর্ঘদিনের এই দাবি এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ রয়েছে কর্মী সংগঠনগুলির মধ্যে। এর পাশাপাশি পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ ব্যবস্থার পর্যালোচনা,পেনশন আপডেট-সহ একাধিক অমীমাংসিত বিষয় দ্রুত মেটানোর দাবিও রয়েছে। দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের জেরে দুর্গাপুরেও ব্যাহত পরিষেবা। ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স’-এর ডাকা এই ধর্মঘটে সামিল হয়েছেন দুর্গাপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা। শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন ব্যাঙ্ক শাখায় কর্মীদের ধর্মঘটে অংশ নিতে দেখা যায়। এর জেরে ব্যাহত হয়েছে ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা। শাখায় এসে পরিষেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে বহু গ্রাহককে। ধর্মঘটের প্রভাব এটিএম পরিষেবাতেও পড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার আসানসোলে বিএনআর মোড় সংলগ্ন স্টেট ব্যাংকের সামনে কর্মীদের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সংগঠনগুলির বক্তব্য,দীর্ঘদিন ধরে বিষয়গুলি নিয়ে আলোচনা চললেও প্রত্যাশিত সমাধান মেলেনি। তারা জানিয়েছেন,আজকের ধর্মঘটকে ‘শেষ লড়াই’ ভাবার কারণ নেই। দাবি পূরণ না হলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের দেশব্যাপী ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী সংগঠন। তাতেও কাজ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যাওয়ার কথাও জানিয়েছে সংগঠনগুলি।
দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে থমকে পরিষেবা
RELATED ARTICLES



