অন্ডাল,২৪ সেপ্টেম্বরঃ সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে উখড়া পঞ্চায়েতের শুকোপাড়ার ১৯৩ নম্বর আইসিডিএস কেন্দ্র। সেন্টারের পাকা ঘরের ছাদ চুইয়ে জল পড়ছে। পাশাপাশি রান্নাঘরের টিনের ছাউনিও ভেঙে পড়েছে। বর্ষার সময় শিশুদের জন্য রান্না করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই আইসিডিএস কেন্দ্রে প্রায় ২০-২২ জন শিশু রয়েছে। পাশাপাশি রয়েছেন একজন গর্ভবতী মহিলাও। কেন্দ্রটি পরিচালনা করেন একজন শিক্ষিকা ও একজন সহায়িকা। পড়াশোনার ঘরটি পাকা হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে ছাদের বিভিন্ন অংশ দিয়ে জল পড়ছে। অন্যদিকে, টিনের ছাউনির নীচে রান্নার ব্যবস্থা থাকলেও সেটিও দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। ফলে বৃষ্টির সময় রান্নার কাজ কার্যত দুষ্কর হয়ে পড়ে। সেন্টারের শিক্ষিকা ঝনুশ্রী নন্দী জানান,কেন্দ্রটির সমস্যার কথা পঞ্চায়েত প্রধান, বিডিও এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যকে একাধিকবার জানানো হয়েছে। সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার অভিযোগ পেয়ে কেন্দ্রটি পরিদর্শনে যান উখড়া পঞ্চায়েতের উপপ্রধান কাজল পাণ্ডে। তিনি জানান, গত বছরের ডিসেম্বরেই সংস্কারের জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছিল। কিন্তু ঠিকাদার এখনও কাজ সম্পূর্ণ করেননি। পঞ্চায়েত প্রধান মিনা কোলে বলেন, কেন সংস্কারের কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে,তা খোঁজ নিয়ে দেখা হবে। দ্রুত কাজ সম্পূর্ণ করার আশ্বাসও দিয়েছেন তিনি।
ছাদ চুইয়ে জল,ভাঙা রান্নাঘর,বেহাল আইসিডিএস কেন্দ্র
RELATED ARTICLES



