দুর্গাপুর,১৮ এপ্রিলঃ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের সমর্থনে রোড শো করতে এসে প্রচন্ড গরমে অসুস্থতা বোধ করায় মাঝপথেই রোড শো ছেড়ে চলে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ফলে,তাঁকে দেখতে আসা বহু মানুষ হতাশ হলেন। শনিবার দুপুরে দুর্গাপুরের কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু হয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুইকে সঙ্গে নিয়ে তিনি ট্রাকের উপর চেপে রোড শো করছিলেন। তাদের সঙ্গে ছিলেন দুর্গাপুরের বিজেপির প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। শুরু থেকেই রাস্তাজুড়ে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। মহা গুরুকে একঝলক দেখতে এবং তাঁর কথা শোনার আশায় বহু মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন। কিন্তু রোড শো শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই ছন্দপতন ঘটে। প্রায় ২০০ মিটার এগোনোর পরই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। মাথার উপর ছাতা ধরলেও অস্বস্তি কাটেনি। শেষ পর্যন্ত তিনি ট্রাক থেকে নেমে পড়েন এবং নিজের গাড়িতে উঠে যান। এরপর আর রোড শো এগোয়নি। তিনি চার চাকা গাড়ির ভেতর বসেই যান। হতাশ হয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছিলেন শুধুমাত্র এই রোড শো দেখার জন্য। প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই জানান,অতিরিক্ত গরমের কারণে শারীরিক অসুস্থতার ঝুঁকি এড়াতেই মিঠুন চক্রবর্তী রোড শো থেকে সরে দাঁড়াতে হয়েছে। এই বয়সেও তিনি দলের প্রার্থীদের হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রোড শো ও সভা করে চলেছেন। দুর্গাপুরে তাঁর হয়ে প্রচারে আসার জন্য মিঠুন চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানান লক্ষ্মণ। এদিন মিঠুনের রোড শো শুরুর পর আমরাই মোড়ের কাছে কিছু যুবককে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।
গরমে অসুস্থ মিঠুন চক্রবর্তী সরে গেলেন লক্ষ্মণের রোড শো থেকে
RELATED ARTICLES



