পান্ডবেশ্বর,১৮ এপ্রিলঃ বিজেপি নয়,তৃণমূলকে ভোট দেব। এক মহিলা একথা সরাসরি বলে দেওয়ায় তাঁকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রহ্লাদ সাউ নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে। শ্রাবণী চক্রবর্তী নামে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা প্রহ্লাদকে গ্রেফতার করেছে পান্ডবেশ্বর থানার পুলিশ। এদিন তাকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। পাণ্ডবেশ্বরের ডিভিসির বাঙালপাড়ার বাসিন্দা আক্রান্ত শ্রাবণী চক্রবর্তী নামে ওই গৃহবধূ জানান, বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারের জন্য তার বাড়িতে আসে। তারা তাঁকে জীতেন তেওয়ারী তথা বিজেপিকে ভোট দিতে হবে বলে চাপ দেয়। তখন তিনি তাদের স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রাবণীর দাবি, বিজেপি নেতা প্রহ্লাদ শাও ক্ষিপ্ত হয়ে তাঁকে এবং তাঁর নাবালিকা কন্যাকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁর স্বামী বাপী চক্রবর্তীকেও মারধর করা হয়। পাশাপাশি,মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত পরিবার পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতে অভিযুক্ত প্রহ্লাদ শাওকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা করে পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তী জানিয়েছেন, বিজেপি হেরে যাবে বুঝতে পেরে এভাবে সাধারন মানুষকে ভয় দেখাচ্ছে,মারধর করছে। ভোটের দিন এলাকার মানুষ এসবের জবাব দেবে। নরেনবাবু আরও জানান,এই ধরনের ঘটনার খবর তাদের কাছে আসছে। আমরা প্রায় সাড়ে চারশো জনের নামে কমিশনে অভিযোগ জানিয়েছি। অন্যদিকে,এই ঘটনাকে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত বিজেপি নেতা প্রহ্লাদ সাউয়ের পাল্টা অভিযোগ,প্রচারে গেলে বাপী চক্রবর্তী ও তাঁর স্ত্রী তাদের উপর হামলা চালিয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি।
শ্লীলতাহানির অভিযোগে পাণ্ডবেশ্বরে বিজেপি নেতা গ্রেফতার
RELATED ARTICLES



