দুর্গাপুর,২০ এপ্রিলঃ ভোটের চারদিন আগেই মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে আবগারি দপ্তর। গতকাল রবিবার রাতেই এই নির্দেশ জারি হওয়ায় সোমবার সকাল থেকেই পশ্চিম বর্ধমান জেলার সমস্ত মদের দোকান বন্ধ রাখতে হয়েছে। ফলে রীতিমতো বিপাকে পড়ে গেছে মদপ্রেমীরা। জানা গেছে,নির্বাচন কমিশন ও রাজ্য আবগারি দপ্তর আগে নির্দেশ দিয়েছিল ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত মদের দোকান বন্ধ রাখতে হবে। কিন্তু,রবিবার রাতেই সেই নির্দেশের পরিবর্তে ভোটের ৯৬ ঘণ্টা অর্থাৎ ৪ দিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে অনেকেই মদের দোকান বন্ধ দেখে হতাশ হয়ে পড়েন। তাদের প্রশ্ন,ভোট তো এখনো তিনদিন বাকি,তাহলে এখুনি কেন বন্ধ মদের দোকান। মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন, আবগারি দপ্তরের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। একটি সূত্রে জানা গেছে, ভোটের কদিন আগে থেকেই হঠাৎ করেই লক্ষ্য করা গেছে মদের অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। যা অন্য সময়ের সঙ্গে নাকি মানানসই নয়। সেকারনেই ভোটের দিন বা তার আগে কোথাও যাতে কোনোরকম অশান্তি না হয়,সেদিকে লক্ষ রেখেই আবগারি দপ্তর ৪৮ ঘন্টার বদলে ৯৬ ঘন্টা আগেই মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। একইসঙ্গে মদের সরকারি ডিপোগুলিও সোমবার থেকেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত,আগামী ২৩ এপ্রিল রাজ্যে যে ১৬টি জেলায় প্রথম দফায় ভোট গ্রহন হচ্ছে,তারমধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসন। প্রশাসনের একটি সূত্রে জানা যায়, ভোটের আগে মদের মাধ্যমে ভোটারদের প্রলোভন দেখানো বা প্রভাবিত করার আশঙ্কা থাকে, যা রোধ করতেই ড্রাই ডে-র মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়াও ভোটের আগে যাতে অতিরিক্ত মদ মজুত না করা যায়, সে জন্য ডিপো থেকেও মদ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এদিকে,সরকারী এই নির্দেশ সুরাপ্রেমীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই। যারা নিয়মিত পান করেন তারা ঠিক করে রেখেছিলেন ২০ তারিখ রাতের মধ্যে প্রয়োজন মত মদ কিনে নেবেন। হঠাৎ করে দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।
ভোটের চারদিন আগেই মদের দোকান বন্ধের নির্দেশ,বিপাকে সুরাপ্রেমীরা
RELATED ARTICLES



