সংবাদদাতা,দুর্গাপুরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ওপর বর্তমান প্রজন্মের নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। দ্রুত কাজের সুবিধা পেলেও,প্রযুক্তির অন্ধ ব্যবহারে নানা সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে বহু মানুষকে। এই পরিস্থিতিতে শুধুমাত্র এআই ব্যবহার নয় বরং এআইকে সঠিকভাবে বুঝে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিতে দুর্গাপুরে দেখা গেল এক অভিনব উদ্যোগ। ‘এইম জ্যাসিফিকা ইনটেলিজেন্স’ এর উদ্যোগে চালু হচ্ছে এমন একটি প্রশিক্ষণ কর্মসূচি,যেখানে কাগজ-কলমের পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা নয়,গুরুত্ব দেওয়া হবে হাতে-কলমে এআই শেখার ওপর। এআই-এর উৎপত্তি,বিকাশ,কাজের পদ্ধতি,বিভিন্ন প্রযুক্তিগত ভিত্তি থেকে শুরু করে বাস্তব জীবনে এর সঠিক ও নিরাপদ ব্যবহার—সবই শেখানো হবে এই কোর্সে। উদ্যোক্তাদের দাবি,অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তার নিয়ন্ত্রণও মানুষের হাতেই থাকা উচিত। গাড়ির স্টিয়ারিং যেমন চালকের নিয়ন্ত্রণে থাকে, তেমনই এআই-নির্ভর ভবিষ্যতে প্রযুক্তির নিয়ন্ত্রণও যেন মানুষের হাতেই থাকে—এই লক্ষ্য নিয়েই তৈরি হয়েছে এই প্রশিক্ষণ ব্যবস্থা। এই উদ্যোগে একদিকে যেমন রয়েছেন দক্ষ প্রযুক্তিবিদরা,অন্যদিকে রয়েছেন একঝাঁক তরুণ-তরুণী,যারা নতুন প্রজন্মকে শুধুমাত্র বইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এআই ব্যবহার ও নিয়ন্ত্রণের কৌশল শেখাবেন। সংস্থার সদস্যদের বক্তব্য,এআই-এর ওপর অন্ধ নির্ভরশীলতা কমিয়ে প্রযুক্তিকে সৃজনশীল ও দায়িত্বশীলভাবে কাজে লাগানোর দক্ষতা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তাঁদের আশা,দুর্গাপুর থেকে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে এআই শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে।
দুর্গাপুরে হাতে-কলমে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার সুযোগ
RELATED ARTICLES



