সংবাদদাতা,দুর্গাপুরঃ ছটপুজোকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজো পালনের ব্যবস্থা নিশ্চিত করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে দুর্গাপুরের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন জেলা শাসক এস পুন্নাবালাম,পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার,মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল এবং দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনকালে কুমারমঙ্গলম পার্কের ছটঘাট সংলগ্ন পুকুরের চারপাশ ঘুরে দেখেন আধিকারিকরা। পুজোর দিনগুলিতে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে ঘাটের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা শাসক জানান,পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুকুরের চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জলে নজরদারির জন্য বোটের ব্যবস্থা,পর্যাপ্ত শৌচাগার এবং অন্যান্য পরিষেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুকুরে জলের পরিমাণ বেশি থাকায় তা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘাটে প্রবেশ ও বেরোনোর গেটের সংখ্যা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক। প্রশাসনের তরফে জানানো হয়েছে,ছটপুজোর আগেই সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। পুণ্যার্থীরা যাতে নিরাপদে এবং কোনওরকম অসুবিধা ছাড়াই ছটপুজো পালন করতে পারেন,তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
ছটপুজোয় নিরাপত্তায় জোর,ঘাট পরিদর্শন প্রশাসনিক কর্তাদের
RELATED ARTICLES



