অন্ডাল,১৫ মার্চঃ পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো দুই যুবকের। মৃতদের নাম সায়ন দাস মোদক (২৪) ও সুপ্রিয় দাস মোদক (২৬)। রবিবার দুপুরে দুই যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ডাল থানার অধীন কালিপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই যুবক পুরুলিয়া জেলার বাসিন্দা। শনিবার তাঁরা অন্ডালে ভাদুর গ্রামে এসেছিলেন আত্মীয় বাড়িতে। আত্মীয়র বাড়িতে বিয়ের অষ্টমঙ্গলা অনুষ্ঠানে এসেছিলেন দুই যুবক। শনিবার অষ্টমঙ্গলা ছিল। রবিবার দুপুরে স্থানীয় কালিপুর গ্রামে একটি পুকুরে স্নান করতে আসেন সায়ন ও সুপ্রিয়। তাদের সাথে আরও এক যুবক ছিল। জলে নামা মাত্র সায়ন ও সুপ্রিয় তলিয়ে যায়। তাদের সাথে যে যুবক ছিল সে সায়ন ও সুপ্রিয়কে বাঁচানোর চেষ্টা করে। ব্যর্থ হয়ে গ্রামের একটি ক্লাবের ছেলেদের খবর দেয়। ক্লাবের ছেলেরা জলে নেমে প্রথমে একজনকে উদ্ধার করে। বেশ কিছুক্ষণ পরে আরও একজনকে। অন্ডাল থানার পুলিশের সাহায্যে দু’জনকে নিয়ে যাওয়া একটি বেসরকারি হাসপাতালে। সেখানে দুই যুবককে পরীক্ষা করে মৃত বলে জানান চিকিৎসক। ঘটনায় দুই যুবক যে আত্মীয়র বাড়িতে এসেছিলেন সেখানে অষ্টমঙ্গলার আনন্দ মূহূর্তে শোকে পরিণত হয়। ময়না তদন্তের জন্য দেহ দুটি আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অন্ডালের কালীপুর গ্রামে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই যুবকের
RELATED ARTICLES



