সংবাদদাতা,আসানসোলঃ রাজ্যে পালা বদল ঘটে গেছে ৬ মাস হয়ে গেছে। ইতিমধ্যেই বাংলার সাধারন মানুষের জন্য আয়ুষ্মান কার্ড বিলি শুরু হয়েছে এবং যারা এই সুযোগ পাচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের ব্যবস্থা করেছে সরকার। স্বাভাবিকভাবেই আগের সরকারের আমলে চালু থাকা স্বাস্থ্যসাথী কার্ডের আর কার্যত কোনো গুরুত্ব নেই,এটাই সাধারন ধারনা। কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডেই প্রাণ ফিরে পেল ১১ বছরের এক কিশোরী। আসলে গরীব পরিবারের ওই কিশোরীর হার্টে জটিল সমস্যা হয়েছিল। সেই চিকিৎসার জন্য আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়ে যাচ্ছিল ১১ বছরের ওই কিশোরীর হৃদরোগের চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত আগের রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের হাত ধরেই মিলল চিকিৎসার সুযোগ। সফল অস্ত্রোপচারের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পেল হাওড়া জেলার বাসিন্দা ১১ বছরের অঞ্জলি সিং। আর তাতেই মুখে হাসি ফুটল অঞ্জলি ও তাঁর পরিবারের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিল অঞ্জলি। কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ায় চিকিৎসা করাতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের। পরিবারের ভরসা ছিল একমাত্র রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর এই কার্ডের মাধ্যমে আদৌ চিকিৎসার সুযোগ পাওয়া যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। এরপর স্বাস্থ্যসাথী কার্ড হাতে নিয়ে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ছোটাছুটি করেন অঞ্জলির পরিবার। কিন্তু কোনও হাসপাতালেই মেলেনি চিকিৎসার সুযোগ। প্রতিবারই নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাঁদের। অবশেষে যোগাযোগ হয় আসানসোলের এক চিকিৎসকের সঙ্গে। তার মাধ্যমেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে লাইফ লাইন নামে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে পৌঁছন অঞ্জলির পরিবার। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অঞ্জলিকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। তারজন্য আনা হয় বিশেষ চিকিৎসার যন্ত্রপাতিও। অবশেষে সফল অস্ত্রোপচার করা হয় অঞ্জলির।
স্বাস্থ্যসাথী কার্ডেই প্রাণ ফিরে পেল ১১ বছরের কিশোরী অঞ্জলি
RELATED ARTICLES



