সংবাদদাতা,দুর্গাপুরঃ গত ২৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন দুর্গাপুরের বিশিষ্ট শ্রমিক নেতা ও সমাজসেবী নীলমাধব গুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। তিনি মূলত বাঁকুড়া জেলার মানুষ হলেও কর্মসূত্রে থাকতেন দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত কারখানার চাকরী করাকালিন আইএনটিউসি সংগঠনের একজন সক্রিয় নেতা ছিলেন। তেমনই তিনি আন্তরিকতার সঙ্গেই সামাজিক দায়বদ্ধতার প্রমানও রেখেছেন। এক সময় তিনি বাঁকড়া জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন। কংগ্রেস তাঁকে বাঁকুড়া লোকসভা আসনে প্রার্থীও করেছিল। এক কথায় তিনি ছিলেন কংগ্রেস নিবেদিত প্রাণ। রবিবার সেই নীলমাধব গুপ্তর স্মরণসভার আয়োজন করেছিল তাঁরই তৈরী ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল কমিটি’র সদস্যরা। ইস্পাত নগরীর আশীষ মার্কেট সংলগ্ন রাণা প্রতাপ রোডে ওই সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রয়াত নীলমাধব গুপ্তর প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতিচারণ করেন কংগ্রেস ও আইএনটিইউসি নেতা সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। সংগঠনের সভাপতি তথা হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারন সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন,“প্রয়াত নীলমাধব গুপ্তর প্রয়াণের মধ্যে দিয়ে একটি বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটলো। তাঁর সাংগঠনিক দক্ষতা,ট্রেড ইউনিয়ন প্রজ্ঞা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে রাজনৈতিক কর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি একজন প্রকৃত শ্রমিক দরদী নেতা ছিলেন। তিনি সবসময় শ্রমিক শ্রেণীর কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। শ্রমিকদের অধিকার রক্ষায় তিনি কোনো রাজনৈতিক রঙ দেখতেন না। তাঁর মৃত্যুতে দল ও ট্রেড ইউনিয়ন আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি হলো”। এদিনের স্মরণসভা থেকে ৫০ জন প্রান্তিক ও দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তরুণ রায়, সিটু নেতা ললিত মোহন মিশ্র,সমাজসেবী বরুণ চ্যাটার্জী,সংগঠনের সাধারণ সম্পাদক পাঁচুগোপাল রায় এবং প্রয়াত নীলমাধব গুপ্তর পরিবারের সদস্য বৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ইনটাক নেতা ও সমাজসেবী পরেশনাথ কর্মকার।
প্রয়াত শ্রমিক নেতা নীলমাধব গুপ্ত’র স্মরণসভায় দুঃস্থদের কম্বল দান
RELATED ARTICLES



