সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের আমরাইয়ের ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি বৃদ্ধাশ্রম নিয়ে ফের অচলাবস্থার অভিযোগ উঠল। কয়েক সপ্তাহ আগেই বৃদ্ধাশ্রমের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েন বয়স্ক মানুষগুলি। সেকথা জানতে পেরে সেবার বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছিল সেখানে। কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। এবার দেখা গেল বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভিতরে রেখেই বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়ির মালিক। একই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় জল ও বিদ্যুতের সংযোগ। দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সঙ্গে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তাঁর হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পর বাড়ির তালা খুলে দেন মালিক ভারতী মণ্ডল। জানা গিয়েছে,ইন্দ্রপ্রস্থ এলাকার একটি ভাড়াবাড়িতে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই বৃদ্ধাশ্রমটি পরিচালিত হয়। বাড়ির মালিক ভারতী মণ্ডলের অভিযোগ,বাড়ি ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বৃদ্ধাশ্রম পরিচালনাকারী সংস্থা বাড়ি খালি করেনি। দীর্ঘদিনের বিপুল পরিমাণ ভাড়া বকেয়া রয়েছে এবং বিদ্যুৎ ও জলের বিলও দেওয়া হচ্ছে না। তাই তিনি তালা লাগিয়ে দিয়েছেন। তার স্পষ্ট কথা এভাবে তিনি আর ভাড়া রাখতে চান না। এই প্রেক্ষিতে বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই বাড়ির মালিকের কাছে সময় চেয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই বয়স্ক মানুষদের কোনো রকম সমস্যায় ফেলা যাবে না। এছাড়াও যে সমাজসেবী সংস্থা এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করেন তাদের অবিলম্বে দুর্গাপুরে এসে বিষয়টির সমাধানের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃদ্ধাশ্রমের আবাসিকদের ঘরে রেখেই তালা,হস্তক্ষেপ বিধায়কের
RELATED ARTICLES



