দুর্গাপুর,২৯ মার্চঃ দুর্গাপুরে হঠাৎ করেই যেন চুরির ঘটনা বেড়ে চলেছে। পাশাপাশি উঠছে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ। দোকানদার থেকে সাধারন গৃহস্থ রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছে। কয়েকদিন আগেই ইস্পাতনগরীর এজোনের টেগোর প্লেসের একটি আবাসনে দিনদুপুরে বাড়ির তালা ভেঙে চুরি হয়ে যায় নগদ টাকা ও সোনার গহনা। সেই ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। তারপরই বেনাচিতি বাজারের কাছে ট্রাঙ্ক রোড এলাকায় রাতের অন্ধকারে হানা দেয় দুষ্কৃতিরা। এবার তাদের লক্ষ্য ছিল একটি টায়ারের দোকান। স্থানীয়দের অভিযোগ,দুষ্কৃতীরা দোকানের পাশেই থাকা একটি ট্রান্সফরমারের গেট খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি দোকানের উপরে থাকা কিছু লোহার সামগ্রীও চুরি করার চেষ্টা চালায়। যদিও শেষ পর্যন্ত তা নিয়ে যেতে পারেনি। ট্রাঙ্ক রোড এলাকার দোকানদারদের অভিযোগ,মাঝেমধ্যেই এই এলাকায় দুষ্কৃতিরা হানা দেয়। বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে পালায়। পুলিশকে জানানো হলেও এখনো কোনো দুষ্কৃতিকে ধরতে পারেনি পুলিশ। কয়েকজন দোকানদার জানান,গত প্রায় ছ’মাস ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। তবুও পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। এমনকি অনেক ক্ষেত্রেই চুরির লিখিত অভিযোগ নিতেও অনীহা দেখাচ্ছে স্থানীয় এজোন ফাঁড়ির পুলিশ বলেও তাদের অভিযোগ। উল্লেখ্য,ট্রাঙ্ক রোডেই রয়েছে এজোন পুলিশ ফাঁড়ি। সেই ফাঁড়ির কাছেই থাকা এই দোকানগুলিতে কোন সাহসে হানা দিচ্ছে দুষ্কৃতিরা – প্রশ্ন তুলেছেন এলাকার সাধারন মানুষ। এভাবে ক্রমাগত দুষ্কৃতিদের উপদ্রব বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছে দোকানদার ও সাধারন মানুষের মধ্যে। সেই সঙ্গে পুলিশি উদাসীনতায় তাদের ক্রমশ ক্ষোভ বেড়ে চলেছে। এলাকাবাসী মনে করছে,পুলিশ দ্রুত দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
দুর্গাপুরে চুরির ঘটনা বাড়ছে,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
RELATED ARTICLES



