রানীগঞ্জ,৩০ মার্চঃ রানীগঞ্জের তিরাটে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বালি ঘাটে। উত্তেজিত জনতা একাধিক বালি বোঝাই ডাম্পারে আগুন লাগিয়ে দেয়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অবিনাশ মুর্মু নামে এক সাইকেল আরোহী রাস্তা পারাপার করছিলেন। সেই সময় বালি বোঝাই একটি ডাম্পার তাঁকে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর আহত হন অবিনাশ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দুর্ঘটনার সময় রানিগঞ্জে প্রচার করছিলেন আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী অগ্নিমিত্রা পাল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। বালি কারবারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন অগ্নিমিত্রা। তিনি দাবি করেন,এলাকায় অবৈধ বালি কারবার চলছে। এরজন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল দলকে দায়ী করেন। দুর্ঘটনার শিকার ওই ব্যক্তির পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ সহ একটি চাকরি দেওয়ার দাবিও জানান তিনি। এরমধ্যে কে বা কারা বালি ঘাটে গিয়ে বেশ কয়েকটি বালি বোঝাই ডাম্পারে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তিরাট এলাকায়।
ডাম্পারের ধাক্কা সাইকেল আরোহীকে,ক্ষোভে একাধিক ডাম্পারে আগুন
RELATED ARTICLES



