দুর্গাপুর,৩ এপ্রিলঃ রোজা থেকে রামনবমী। গুড ফ্রাই ডে থেকে জুম্মাবার। বাংলায় ভোটের মরশুমে কোন কিছুই বাদ দিতে চাইছেন না বিভিন্ন দলের প্রার্থীরা। শুক্রবার ছিল ক্রীষ্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় দিন। এদিন সকাল থেকে বিভিন্ন চার্চে হাজির হয়ে প্রার্থনা করেন ক্রীষ্টান সম্প্রদায়ের মানুষরা। এই উপলক্ষ্যে শুক্রবার সকালে একটি মিছিল আসানসোলের হটন রোড মোড়ে ক্যাথলিক চার্চে গিয়ে শেষ হয়। এখানে সবাই প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি সেখানে আগত ক্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জনসংযোগ সেরে নেন। অন্যদিকে,প্রতি শুক্রবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা মসজিদে জমায়েত হয়ে সেখানে নামাজ পড়ে। এদিন দেখা গেল দুর্গাপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নঈম নগরের নূরী জামা মসজিদে উপস্থিত হয়ে নামাজের পর মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জমসংযোগ করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তরুণ রায়। মসজিদ চত্বরে দাঁড়িয়ে তরুণ রায় বলেন,ডঃ বিধান চন্দ্র রায়ের গড়া দুর্গাপুর আজ সংকটের মুখে। বহু মানুষের আত্মত্যাগে গড়ে ওঠা এই শহরকে রক্ষা করতে হলে আবার কংগ্রেসকে ফিরিয়ে আনতে হবে। নিজেকে ‘ভূমিপুত্র’ উল্লেখ করে তিনি বলেন, “আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, যেন আমাদের এই সোনার বাংলা আবার উন্নয়নের পথে ফিরে আসে। প্রায় একই ভাবে ওল্ড সীতারামপুর এলাকার মসজিদে হাজির হয়েছিলেন কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক।তিনিও এখানে নামাজ পাঠ করতে আসা মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে জনসংযোগ করেন।
গুড ফ্রাইডে ও জুম্মাবারে জনসংযোগে প্রার্থীরা
RELATED ARTICLES



