বারাবনি,৪ এপ্রিলঃ “তৃণমূল সরকার না থাকলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন”। শনিবার বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসে এই সতর্কবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় পানুরিয়াতে নির্বাচনী সভা থেকে ফের একবার মহিলাদের আর্থিক সহযোগিতায় লক্ষীর ভান্ডার প্রকল্পের গুরুত্ব বুঝিয়ে দিলেন অভিষেক। বারাবনি সহ আসানসোল মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে জলের সমস্যা আছে। সেই কথা উল্লেখ করে অভিষেক বলেন, “কেন্দ্র জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। ২০২৬ এ আমরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় অনুদান ছাড়া প্রতিটা বাড়িতে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে”। বারাবনি সহ আসপাশের এলাকায় যেসব বাসিন্দারা পাথর খাদানে কাজ করেন তাদের মধ্যে অনেকেই সিলিকোশিস রোগে আক্রান্ত। তাদের সঠিক চিকিৎসা হয় না। কারণ আক্রান্তদের সঠিকভাবে চিহ্নিত করা হয় না। এদিনের সভা থেকে অভিষেক বলেন, “সিলিকোশিসে আক্রান্তদের নির্দিষ্ট পরিচয়পত্র দেওয়া হবে। একই সাথে তারা যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান সেই ব্যবস্থা করা হবে। প্রয়োজনে আক্রান্তদের বিনা পয়সায় হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে”। এদিনের সভার শেষ কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে অভিষেক বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার রান্নার গাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করেছে। সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। আগামী ২৩ তারিখ লাইনে দাঁড়িয়ে জবাব দিতে হবে বিজেপিকে”। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে অভিষেকের সভায় ভিড় হয়েছিল নজরে পড়ার মত। সভায় পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
বারাবনির সভায় অভিষেকের দাবি,তৃণমূল না থাকলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার
RELATED ARTICLES



