দুর্গাপুর,১০ জুনঃ বুধবার দুপুরের দিকে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে জনবহুল সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকা। দেখা যায় দুই ব্যক্তিকে ধাক্কাধাক্কি করে একটি চারচাকা গাড়িতে জোর করে চাপানোর চেষ্টা করছেন এক মহিলা সহ কয়েকজন। কিছুক্ষনের মধ্যেই সেই গাড়ি এলাকা ছেড়ে চলে যায়। জানা গেছে, ২০২১ সালের সন্ত্রাস সহ আরও কিছু অভিযোগে মামলার আগাম জামিন নিতে দুর্গাপুর মহকুমা আদালতে এসেছিলেন পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত সন্তোষ পাসওয়ান। সঙ্গে তার ভাই ও বাবাও ছিলেন। কিন্তু সেই খবর জানতে পেরেই তাদের উপর চড়াও হয় বিজেপির কিছু কর্মী। এক মহিলাও ছিলেন সেই দলে। এরা একটি চার চাকা গাড়িতে জোর করে সন্তোষ পাশোয়ান ও তার ভাইকে তুলে নিয়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে যায়। বিজেপির এক নেত্রী এই দুই ব্যক্তি ধর্ষণ সহ এলাকায় সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেন। ঘটনাস্থলে উপস্থিত প্রকাশ পাসোয়ান নামে এক ব্যক্তি জানান, সন্তোষ পাসোয়ান ও আরো একজন তার দুই ছেলে। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাথে থাকতো। এদিন একটি মামলায় বেল নিতে মহকুমা আদালতে আসে। হঠাৎই কয়েকজন বিজেপির লোক এসে তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যায়। জানা গেছে,সন্তোষ পাসোয়ান এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ। ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে এই সন্তোষ পাসোয়ার বিরুদ্ধে। এবার পালা বদল হতেই সে এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। বুধবার সিটি সেন্টারে তাকে দেখতে পেয়ে বিজেপি কর্মীরা এসে তাকে তুলে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং হাইজ্যাক হওয়া তৃণমূল নেতা সন্তোষ পাশোয়ানের বাবা প্রকাশ পাশোয়ানের সঙ্গে কথা বলেন।
সংযোজনঃ তৃণমূল নেতাকে জোর করে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়িটি লাউদোহা থানার অন্তর্গত সবুজ নগরে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা তৃণমূল নেতা সন্তোষ পাসোয়ান সহ অন্যান্যরা কমবেশী আহত হয়েছেন এবং তাদের সেই রক্তাক্ত অবস্থায় ছবি সমাজ মাধ্যমে দেখা গেছে।




