আসানসোল,১৮ জুনঃ ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে মাইথন ড্যামের মনোরম তীরে এক বিশাল যোগ শিবিরের আয়োজন করা হয়। সালানপুর থানা এলাকার অন্তর্গত এই কর্মসূচিতে ৫০০-রও বেশি পুলিশকর্মী উৎসাহের সঙ্গে অংশ নেন। যোগ শিবিরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার সহ কমিশনারেটের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। সমস্ত আধিকারিক ও পুলিশকর্মীরা সম্মিলিতভাবে যোগাভ্যাস করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেন। এই উপলক্ষে পুলিশ কমিশনার ড. প্রণব কুমার বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর কমিশনারেটের পক্ষ থেকে দুটি বড় যোগ শিবিরের আয়োজন করা হচ্ছে। প্রথম কর্মসূচি মাইথন ড্যামে এবং দ্বিতীয়টি দুর্গাপুরে আয়োজিত হয়েছে। দুর্গাপুরের অনুষ্ঠানটি হয় শহীদ ভগত সিং স্টেডিয়ামে। সুস্থ শরীর,শান্ত মন, সুস্থ সমাজ গঠনের প্রথম শর্ত ব্যস্ততা,মানসিক চাপ এবং প্রযুক্তিনির্ভর জীবনের ভিড়ে নিজেদের জন্য সময় বের করা আজ এক বড় চ্যালেঞ্জ। সেই গুরুত্বপূর্ণ বার্তাকে সামনে রেখেই ভগত সিং স্টেডিয়ামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হল এক যোগ ও ধ্যান শিবির। রাসপ্রিত সিং এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। পূর্ব বিভাগের বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি এলাকার বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরাও উৎসাহের সঙ্গে যোগ দেন এই শিবিরে। শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়,সুস্থ ও সচেতন সমাজ গঠনের ক্ষেত্রেও পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসনীয়। নিয়মিত যোগ ও ধ্যান যেমন শরীরকে সুস্থ রাখে,তেমনই মানসিক প্রশান্তি,আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবিষয়ে জেলা শাসক বলেন,এই ধরনের আয়োজনের উদ্দেশ্য হল পুলিশকর্মীদের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য, শৃঙ্খলা এবং স্ট্রেস ম্যানেজমেন্টকে উৎসাহিত করা। তিনি আরও বলেন,পুলিশ বাহিনীর জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি এবং যোগ তার জন্য একটি কার্যকর মাধ্যম। তাই সব পুলিশকর্মীরই নিয়মিতভাবে যোগকে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়া উচিত। উল্লেখ্য,২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। তার প্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গ জুড়ে নানা সচেতনতা কর্মসূচি চলছে। এ বছর রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি কলকাতায় অনুষ্ঠিত হবে,যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মাইথন ড্যামে আয়োজিত এই মেগা যোগ শিবিরের সমাপ্তি ঘটে পুলিশকর্মীদের নিয়মিত যোগাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণের সংকল্প নেওয়ার মধ্য দিয়ে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মেগা যোগ শিবির
RELATED ARTICLES



