সংবাদদাতা,অন্ডালঃ ধসের পর রাস্তা অবরোধ,ভোট বয়কট— সব আন্দোলনের পরও মেলেনি স্থায়ী সমাধান। ইসিএলের তৈরি ফ্ল্যাট প্রত্যাখ্যান গ্রামবাসীদের, মুখ্যমন্ত্রী ও কয়লামন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস অগ্নিমিত্রা পালের। ১৬ জুলাই, ২০২০। পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের হরিশপুর গ্রামে আচমকা ভূমিধস। মুহূর্তে বদলে যায় কয়েকশো মানুষের জীবন। নিরাপত্তাহীন হয়ে পড়ে গোটা গ্রাম। তারপর কেটে গিয়েছে পাঁচ বছর। এই সময়ে পুনর্বাসনের দাবিতে একাধিকবার রাস্তা অবরোধ, প্রশাসনের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে ভোট বয়কটের মতো চরম সিদ্ধান্তও নিয়েছেন গ্রামবাসীরা। তবু আজও মেলেনি স্থায়ী পুনর্বাসনের নিশ্চয়তা। বৃহস্পতিবার সেই দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর চেষ্টা হিসেবে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন পুনর্বাসন প্রকল্প এলাকায় একটি কমিউনিটি হলে হরিশপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের নারী,শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ,এডিডিএ-র আধিকারিক,ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর শীর্ষ আধিকারিকেরা এবং প্রশাসনের প্রতিনিধিরা। হরিশপুর-সহ ধসপ্রবণ একাধিক গ্রামের পুনর্বাসনের জন্য ইসিএল বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল আবাসন নির্মাণ করেছে। গ্রামবাসীদের অভিযোগ, ফ্ল্যাটগুলি অত্যন্ত ছোট,নির্মাণের গুণমানও নিম্নমানের। খোলা পরিবেশে বসবাসে অভ্যস্ত মানুষদের জন্য ওই আবাসন কোনওভাবেই উপযুক্ত নয়। তাই পুনর্বাসনের প্রস্তাব থাকা সত্ত্বেও অধিকাংশ পরিবার সেখানে যেতে রাজি নন। বৈঠকে গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন,বিমানবন্দর এলাকার ফ্ল্যাট নয়,তারা চান ইসিএল-এর পুনর্বাসন প্রকল্পের আদলে জমিসহ বসবাসযোগ্য বাড়ি। তাদের বক্তব্য,শুধু মাথা গোঁজার ঠাঁই নয়,জীবন-জীবিকা ও সামাজিক পরিবেশের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের বক্তব্য শোনার পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “এই বিষয়টি নিয়ে আমি ইসিএল কর্তৃপক্ষ,মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে আলোচনা করব। গ্রামের মানুষ খোলামেলা পরিবেশে থাকতে অভ্যস্ত। যে ধরনের ফ্ল্যাট তৈরি হয়েছে,তা তাঁদের উপযুক্ত নয়। কীভাবে তাঁদের জন্য গ্রহণযোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করা যায়,তা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে”।
ফ্ল্যাট নয়,পুনর্বাসন প্রকল্পে জমি সহ বাড়িই চান গ্রামবাসীরা
RELATED ARTICLES



