Sunday, August 16, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গডাকাতির তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ,উত্তপ্ত পান্ডবেশ্বরের নবগ্রাম

ডাকাতির তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ,উত্তপ্ত পান্ডবেশ্বরের নবগ্রাম

পাণ্ডবেশ্বর,১৬ আগস্টঃ ডাকাতির তদন্তে গিয়ে আক্রান্ত হল পুলিশ। চার ধৃত দুষ্কৃতীকে নিয়ে থানায় ফেরার পথে পুলিশের গাড়ি ঘিরে হামলা,ভাঙচুর এবং ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পাণ্ডবেশ্বরের নবগ্রাম। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন দু’জন পুলিশকর্মী। ঘটনার পর রবিবার ফের এলাকায় নামে বিশাল পুলিশবাহিনী। চলে অভিযান। পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত একটি ডাকাতির তদন্তকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,অন্ডাল থানার পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় অভিযান চালায়। তদন্তের সূত্র ধরে চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের নিয়ে পুলিশ গাড়িতে করে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার সময় আচমকাই রাস্তা আটকে দাঁড়ান এলাকার একাংশের মানুষ। অভিযোগ, মুহূর্তের মধ্যেই পুলিশের গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের উপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। এমনকি পুলিশের হেফাজতে থাকা চার ধৃতকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন দু’জন পুলিশকর্মী। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশবাহিনী। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও নবগ্রাম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সকাল থেকেই এলাকায় শুরু হয় জোরদার পুলিশি টহল। ডিসিপি ইস্ট-এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপর হামলা,সরকারি সম্পত্তি ভাঙচুর এবং ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদের মধ্যে কয়েকজন মহিলাও আছেন। ডাকাতির তদন্তে পুলিশের হাতে ধৃতদের থানায় নিয়ে ফেরার পথেই পুলিশের উপর এমন হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে,তবে কি ধৃতদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেই পুলিশের গাড়ি ঘিরে হামলা চালানো হয়েছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments