অন্ডাল,১৬ আগস্টঃ পদ ঘোষণা হয়েছিল ঢাকঢোল পিটিয়ে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই তালিকা থেকে নাম উধাও! বিজেপির মহিলা মোর্চার সাংগঠনিক পদ নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে দলের অন্দরেই কার্যত বোমা ফাটালেন উখড়ার বাসিন্দা তথা বিজেপি নেত্রী মৌ ভান্ডারী। চলতি মাসের ১৪ আগস্ট পশ্চিম বর্ধমান জেলা বিজেপির তরফে মহিলা মোর্চার পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় রানীগঞ্জ-৩ নম্বর মণ্ডলের মণ্ডল প্রমুখ হিসেবে নাম ছিল মৌ ভান্ডারীর। নাম ঘোষণার পর উখড়ার একটি বিজেপি কার্যালয়ে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয় বলে তাঁর দাবি। কিন্তু এরপরই ঘটে নাটকীয় পরিবর্তন। মৌ ভান্ডারীর অভিযোগ,নাম ঘোষণার পরদিনই তালিকা থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয় এবং ওই পদে মনিকা দাসকে বসানো হয়। ঘটনায় ক্ষুব্ধ মৌয়ের দাবি,দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে যুক্ত। ২০২৩ সালে উখড়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। দলের তরফে সময়ে সময়ে যে দায়িত্ব দেওয়া হয়েছে,তা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন বলেও তাঁর দাবি। “মণ্ডল প্রমুখ হিসেবে নাম ঘোষণার পর যেভাবে আমার নাম বাদ দেওয়া হয়েছে,তাতে আমি মর্মাহত। আমি ষড়যন্ত্রের শিকার,”—দাবি মৌ ভান্ডারীর। এই ঘটনার পিছনে তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন রানীগঞ্জ ৩ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রসেন রায়ের দিকে। মৌয়ের অভিযোগ, ব্যক্তিগতভাবে তাঁকে পছন্দ করেন না মণ্ডল সভাপতি। সেই কারণেই নিজের অনুগামীকে ওই পদে বসাতে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু অভিযোগ তুলেই থামেননি মৌ। বিষয়টি জেলা নেতৃত্বের নজরেও এনেছেন বলে দাবি তাঁর। কিন্তু অভিযোগ জানানোর পরও কোনও বিচার পাননি বলেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ঘটনায় বিজেপির সাংগঠনিক অন্দরে নতুন করে প্রশ্ন উঠেছে—পদ ঘোষণা করার পর এত দ্রুত কীভাবে বদলে গেল তালিকা? কার নির্দেশে বাদ গেল নাম? যদিও এই অভিযোগের বিষয়ে রানীগঞ্জ ৩ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রসেন রায় বলেছেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা,কারণ যখন মন্ডল সভাপতির নামের তালিকা বের হয় প্রিন্টিং মিস্টেকের কারণে মৌ ভান্ডারীর নাম ছেপে গিয়েছিল,জেলা নেতৃত্ব সঙ্গে সঙ্গেই তা কারেকশন করে,যেখানে রানীগঞ্জ মন্ডল ৩ এর নতুন মন্ডল সভাপতি হিসাবে অন্যের নাম ঘোষণা করা হয়”। এই ঘটনায় বিজেপির মহিলা মোর্চার পদ বণ্টন ঘিরে উখড়ায় দলের অন্দরেই যে অসন্তোষের আঁচ ছড়িয়েছে,তা ক্রমশ প্রকাশ্যে আসছে।
২৪ ঘন্টার মধ্যেই তালিকা থেকে নাম বাদ,বিজেপির অন্দরে অসন্তোষের আঁচ
RELATED ARTICLES



