সংবাদদাতা,দুর্গাপুরঃ একবার নয়,পরপর দুদিন ধরে রাতের বেলা স্কুলের তালা ভেঙে সিলিং ফ্যান,পিতলের কল,বৈদ্যুতিক তার চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় দুর্গাপুরের অঙ্গদপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। অবশেষে তদন্তে নেমে এই ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক তন্ময় কিশোর রায় জানিয়েছেন,গত জুন মাসের ২১ তারিখ প্রথমবার স্কুলে চুরির ঘটনা ঘটে। এরপর ঠিক পরের দিনও রাতের বেলা স্কুলের তালা ভেঙে ফের চুরির ঘটনা ঘটে। স্কুল রুমের একাধিক সিলিং ফ্যান,ঘন্টা,জলের পিতলের কল, স্কুলের ওয়্যারিংয়ের লাইন কেটে তার চুরি করে পালায় দুষ্কৃতি। এই ঘটনার পরই স্কুলের তরফে কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু,অপরাধী অধরা ছিল। এদিকে,সিলিং ফ্যান সব চুরি হয়ে যাওয়ায় গরমের মধ্যে ক্লাশ করতে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রী ও শিক্ষকদের। এই ঘটনা জানতে পেরে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পুলিশকে দ্রুত বিষয়টি দেখতে বলেন। শেষ পর্যন্ত বিভিন্ন সূত্র ধরে তদন্ত করতে গিয়ে এই ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। সেই সঙ্গে তাকে জেরা করে স্কুল থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসও উদ্ধার করেছে পুলিশ। অঙ্গদপুরের বাসিন্দা ধৃত যুবকের নাম অভিজিৎ বাদ্যকর (২৪)। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
অঙ্গদপুর স্কুলে চুরির ঘটনায় গ্রেফতার এক যুবক
RELATED ARTICLES



