দুর্গাপুর,২৪ সেপ্টেম্বরঃ বহুতল আবাসন বা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ও উদ্ধারকাজে গতি আনতে দুর্গাপুর দমকল বাহিনীকে আরও শক্তিশালী করতে প্রথমবার এখানে আনা হয়েছে অত্যাধুনিক বড় ল্যাডার। এর ফলে শহরের উঁচু ভবনগুলিতে আগুন লাগলে দ্রুত অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া বাসিন্দাদের সুরক্ষিতভাবে উদ্ধার করার ক্ষেত্রে দমকলকর্মীদের সক্ষমতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। কয়েক সপ্তাহ আগেই এসেছিল বহুতলে আগুন নেভানোর জন্য এই হাই রাইজাইজ ল্যাডার। এবার দুর্গাপুর দমকল বিভাগ পেল দুটি নতুন ফায়ার টেন্ডার—একটি বড় ও একটি ছোট। রাজ্যের অগ্নি নির্বাপণ ব্যবস্থা আধুনিকীকরণের উদ্যোগে যুক্ত হয়েছে ২২৬টি নতুন অগ্নিনির্বাপণ ও উদ্ধারযান। বৃহস্পতিবার কলকাতার রেড রোডে এই যানগুলির উদ্বোধন করা হয়। এরই অংশ হিসেবে দুর্গাপুর সিটি সেন্টার ফায়ার স্টেশনে যুক্ত হয়েছে নতুন দুটি ফায়ার টেন্ডার—একটি বড় ও একটি ছোট। জনবহুল ও সরু রাস্তায় দ্রুত অগ্নিনির্বাপণের কাজে ছোট গাড়িটি বিশেষভাবে ব্যবহার করা হবে। দুর্গাপুরে ইতিমধ্যেই অত্যাধুনিক ল্যাডার-সহ একাধিক অগ্নিনির্বাপণ যান রয়েছে। দুর্গাপুরের অগ্নি নির্বাপণ পরিষেবার সক্ষমতা আরও বাড়ল বলে জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন সরঞ্জাম ও পরিকাঠামো পরিদর্শন করেন বিধায়ক ও দমকল আধিকারিকরা।
দুর্গাপুর অগ্নি নির্বাপণ কেন্দ্রে এল ২টি নতুন ফায়ার টেন্ডার
RELATED ARTICLES



