সংবাদদাতা,দুর্গাপুরঃ একটানা প্রবল বর্ষণের জেরে দুর্গাপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলে ডুবেছে রাস্তা। একাধিক এলাকায় বাড়িতেও জল ঢুকেছে। জল যন্ত্রনার এই ছবি গোটা দুর্গাপুর জুড়েই। বৃহত্তর বেনাচিতি এলাকা থেকে দুর্গাপুর স্টেশন এলাকা,বিধাননগর সহ প্রায় সর্বত্রই প্রবল বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বীরভানপুর নামো মাঠ এলাকায় বিগত কদিনের একটানা বৃষ্টিতে জল ঢুকে পড়েছে বাড়িতে। সেচ দফতর থেকে শুরু করে প্রশাসনের সবাইকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে, শুক্রবার বিকেলে দুর্গাপুর ব্যারেজ রোডে ছাতা খুলে বসে পড়ে বিক্ষোভে সামিল হন মহিলারা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে মূল যোগাযোগকারী রাস্তা দুর্গাপুর ব্যারেজ,তথা রাজ্য সড়ক। ছুটে আসে কোক ওভেন থানার পুলিশ। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ,এরপর কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেচ দফতরের আধিকারিকদের সাথে কথা বলার আশ্বাস দিলে উঠে অবরোধ। একেই টানা বৃষ্টি তারমধ্যে এই অবরোধে দুর্গাপুর ব্যারেজ রোডে এই অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরী হয়,যোগাযোগ স্তব্ধ হয়ে যায় পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া,দুই মেদিনীপুর সহ বাকি জেলাগুলোর। অবরোধ উঠার পর যানজট মুক্ত করে পুলিশ,স্বাভাবিক হয় দুর্গাপুর ব্যারেজ রোডে যান চলাচল। দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে যাওয়ায় সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘক্ষণ জল জমে থাকায় ক্ষোভও তৈরি হয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে নিকাশী ব্যবস্থা ঠিক নেই বলেই এই দুরাবস্থা। জলমগ্ন এলাকার লোকজনেরা দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
একটানা প্রবল বর্ষণের জেরে জলমগ্ন দুর্গাপুরের বিভিন্ন এলাকা
RELATED ARTICLES



