দুর্গাপুর,১২ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পরই সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানা সহ দুর্গাপুরের একাধিক কারখানায় ঠিকা কর্মীদের একটা অংশের উপর নেমে এসেছে কোপ। তাদের গেট পাশ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে,বহু সংস্থায় কর্মহীন হয়ে পড়েছে অনেক ঠিকাকর্মী। সেই একই ঘটনা দেখা গেছে ডিএসপি মেইন হাসপাতালেও। এখানেও একটা বড় সংখ্যায় ঠিকা শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। পুজোর মুখে কাজ হারিয়ে চরম হতাশার শিকার ওই শ্রমিক পরিবারগুলি। এরই প্রতিবাদে সোচ্চার হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন’। হাসপাতালের ছাঁটাই হওয়া ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে সোমবার সকালে ডিএসপি মেন হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে গণ অবস্থানে বসেন ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন’ নেতা ও কর্মীরা। ডিএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তারা। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দিক্ষীত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ হাসপাতালের মতো একটি জরুরি পরিষেবার ক্ষেত্রে হটাৎ পুরানো কর্মীদের এভাবে বসিয়ে দেওয়া যায় না। প্রতিনিয়ত হাসপাতালে আসা রোগীদের এই সব কর্মীরাই বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে। তাই তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নেওয়ার দাবি করছি আমরা”। এছাড়াও,রজতবাবু বলেন, “ ডিএসপি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানও অনেকটাই কমে গিয়েছে। হাসপাতালের এক্সরে মেশিন দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে এক্সরে করে আনতে হয়। ডিএসপির মতো মহারত্ন সংস্থায় এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। দ্রুত উন্নত মানের এক্সরে মেশিন আনতে হবে। রোগীদের উন্নত মানের ওষুধ সরবরাহ করতে হবে। রোগী রেফার ভারতের যে কোনো হাসপাতালে করতে হবে”। এই গণ অবস্থানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পরেশনাথ কর্মকার,রাণা সরকার,রবীন গাঙ্গুলী,কৌশিক ব্যানার্জী,শুভঙ্কর বোস, সজল মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বিক্ষোভ সভার পর সংগঠনের যুগ্ম সম্পাদক সমীর রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএসপি মেইন হাসপাতালের ডাইরেক্টর ইন চার্জ ডা. রূপক গোস্বামীকে একটি স্মারকলিপি দেন। তিনি দাবিগুলি বিবেচনার সাথে সমাধান করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।




