দুর্গাপুর,১২ অক্টোবরঃ ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীন ‘মেরা যুব ভারত’ – দুর্গাপুরের আয়োজনে এবং কমলপুরে অবস্থিত এনএসএমএস গ্রুপ অব ইনস্টিটিউশনস,দুর্গাপুর চ্যাপ্টারের সহযোগিতায় সোমবার “নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত” (নেশামুক্ত যুবা) শীর্ষক পশ্চিম বর্ধমান জেলা স্তরের ‘নেবারহুড ইউথ পার্লামেন্ট’-এর এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী ড. বিশ্বজিৎ রুজ। যুবসমাজকে মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে সচেতন করা,সুস্থ ও ইতিবাচক জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং ‘ড্রাগ-ফ্রি ইন্ডিয়া’ গঠনের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন মেরা যুব ভারত–দুর্গাপুরের ডেপুটি ডিরেক্টর প্রিয়াঙ্কা ঘোষ,শিক্ষাবিদ ও ফার্মেসি কলেজের অধ্যক্ষ সঞ্জিৎ মণ্ডল এবং দপ্তরের অ্যাকাউন্টস অফিসার ইন্দ্রজীত কুমার। বক্তারা উল্লেখ করেন,একটি মাদকমুক্ত যুবসমাজই শক্তিশালী,সুস্থ ও বিকশিত ভারতের মূল ভিত্তি। শিক্ষা,সংস্কৃতি,খেলাধুলা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে যুবসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে পারলেই ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়িত হবে। অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ। তিনি উপস্থিত তরুণ প্রজন্মকে মাদকমুক্ত,শৃঙ্খলাবদ্ধ ও দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে অনিক বিশ্বাস জানান,একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ছাত্রী প্রিয়াঙ্কা বেরা। ১০৩ জন ছাত্র-যুব ও তরুণ প্রজন্মের শপথবাক্য পাঠ,সচেতনতামূলক স্লোগান লেখা ও অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচী টি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।




