সংবাদদাতা,দুর্গাপুরঃ এবার দুর্গাপুজার সময় দুর্গাপুর মহকুমার বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এবার লক্ষ্মী পুজোর রাতেও বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ২৩ বছরের এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাইক। ধাক্কায় এক বাইক আরোহী ছিটকে পড়েন কালভার্টের নীচে। গুরুতর জখম হয়েছেন বাইকে থাকা অপর আরোহী। রবিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার রাতে একটি বাইকে চেপে দু’জন ডিভিসি মোড়ের দিক থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল। সিটি সেন্টার চার্চের সামনে একটি কালভার্টের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। এরপর সজোরে কালভার্টের লোহার রেলিংয়ে ধাক্কা মারে। ধাক্কার জেরে এক আরোহী ছিটকে কালভার্টের নীচে পড়ে যান। অন্য আরোহীও গুরুতর জখম হন। বিকট শব্দ শুনে এবং দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ। তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এক যুবকের মৃত্যু হয়। মৃতের নাম সম্রাট ব্যানার্জী (২৩)। তিনি দুর্গাপুরের বেনাচিতির শ্রীনগর পল্লির বাসিন্দা। আহত অপর বাইক আরোহীর চিকিৎসা চলছে।
দুর্গাপুরে বেপরোয়া গতির জেরে মৃত্যু হল এক যুবকের
RELATED ARTICLES



