বাঁকুড়া,১ জুলাইঃ বাঁকুড়া তথা জঙ্গলমহলের ক্যানসার রোগীদের জন্য বড় উপহার দিল রাজ্য সরকার। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ব্রাকি থেরাপি পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই পরিষেবা চালু হওয়ার ফলে জরায়ু, ইউটেরাস, গলার,স্তন এবং মুখগহ্বর সহ অন্যান্য কিছু ক্যানসারের চিকিৎসার জন্য আর রোগীদের কলকাতা,দুর্গাপুর বা অন্য বড় শহরে ছুটতে হবে না। এতে যেমন বাড়তি খরচ করতে হত রোগী সহ রোগীর আতীয়দের তেমনই হতো হয়রানি। ব্রাকি থেরাপি হল এমন একটি আধুনিক ক্যানসার চিকিৎসা পদ্ধতি, যেখানে ক্যানসার আক্রান্ত স্থানের খুব কাছাকাছি তেজস্ক্রিয় উৎস ব্যবহার করে নির্দিষ্টভাবে চিকিৎসা করা হয়। এর ফলে সুস্থ কোষের ক্ষতি কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পাবেন। এই পরিষেবা চালু হওয়ায় বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এলাকার হাজার হাজার ক্যানসার রোগী সরাসরি উপকৃত হবেন। এতদিন এই ধরনের চিকিৎসার জন্য রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলকাতায় যেতে হতো, যার ফলে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হতো। এখন জেলার হাসপাতালেই মিলবে এই উন্নত চিকিৎসা পরিষেবা।জঙ্গলমহলের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই নতুন পরিষেবা এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন রোগীর আত্মীয় এবং চিকিৎসক মহল। রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই ব্রাকি থেরাপি ইউনিটের ফলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন এলাকার বহু মানুষ উপকৃত হবেন। স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত,বাঁকুড়া মেডিকেলে ব্রাকি থেরাপির উদ্বোধন
RELATED ARTICLES



