সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রতি বছরের মতো এবছরও বাংলার সেরা উৎসব দুর্গা পুজো শেষে সদস্য ও শুভান্যধায়ীদের নিয়ে বিজয়া সম্মেলন করল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার সন্ধ্যায় ইস্পাত নগরী গুরুনানক রোডে সংগঠনের কার্যালয় ‘আনন্দ লাবণ্য’ ভবনে অনুষ্ঠিত এই সম্মেলন কার্যত এক মিলন মেলার রুপ পায়। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সদস্য,সদস্যা,অবসরপ্রাপ্ত সদস্য,সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। সংগঠনের তরফে উপস্থিত সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত অতিথিরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন,“বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর পর বিজয়ার শুভেচ্ছা বিনিময় এই উৎসবেরই একটা অঙ্গ। এটা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য ও পরম্পরা। সেই ঐতিহ্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই প্রতি বছরের মতো এবছরও এই বিজয়া সন্মেলনের আয়োজন করেছি”। সেই সঙ্গে তিনি শুভ বিজয়ার এই শুভক্ষণে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার বার্তা দিয়ে সকলের জীবন সুখ,শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক -এই কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার। প্রসঙ্গত,সম্প্রতি সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর জি. সঞ্জীব রেড্ডি রজত দীক্ষিতকে ডিএসপি ও এএসপি থেকে ন্যাশানাল জয়েন্ট কাউন্সিল ফর স্টীল ((NJCS) এর সদস্য হিসেবে মনোনীত করেছেন। এই বিশেষ সম্মান প্রাপ্তীর জন্য রজত দীক্ষিতকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। ফলে এবারের এই বিজয়া সম্মেলন এক বিশেষ মাত্রা পায়।
আইএনটিইউসির বিজয়া সম্মেলনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা
RELATED ARTICLES



