দুর্গাপুর,১৩ জুনঃ বাঁশবন থেকে এক যুবক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামে। শনিবার সকালে জামগড়া গ্রাম থেকে কিছুটা দূরে একটি বাঁশ বাগান থেকে ওই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম সুকুমার বাগদি। সে অন্ডাল থানার অধীন দক্ষিণখন্ড গ্রামের বাসিন্দা। আরও জানা গেছে সুকুমার বিবাহিত। মৃত যুবতীর নাম বিউটি বাগদি। সে জামগড়া গ্রামের বাসিন্দা। যুবতীর এক আত্মীয় বিধান বাগদি জানান,মৃত সুকুমারের মামার বাড়ি জামগড়া গ্রামে। সে মাঝেমধ্যেই এই গ্রামে আসত বিউটির সঙ্গে দেখা করতে। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। ইতিমধ্যেই বীরভূমের দুবরাজপুর এলাকায় এক যুবকের সঙ্গে বিউটির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কয়েকদিন পরই ছিল সেই বিয়ে। এই পরিস্থিতিতে এলাকাবাসীর ধারনা,বিউটির বিয়ে ঠিক হয়ে যাওয়ার ঘটনাই তাদের আত্মঘাতীর পথে নিয়ে গেছে। তাদের ভালোবাসা পরিণতি না পেয়ে একই দড়িতে দুজনেই গাছে ঝুলে পড়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বিয়ের ঠিক আগেই এরকম ঘটনায় ভেঙে পড়েছে বিউটির পরিবারের লোকজন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান প্রণয় ঘটিত কারণেই আত্মঘাতী হয়েছে ওই যুবক ও যুবতী। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
পরকীয়ার পরিনাম,বাঁশবনে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
RELATED ARTICLES



