সংবাদদাতা,দুর্গাপুরঃ জনজাতি সমাজের ঐতিহ্য,সংগ্রাম ও আত্মমর্যাদাকে স্মরণ করে দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগার সিএমইআরআই-তে আয়োজিত হল জনজাতি গৌরব উৎসব। শনিবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমইআরআই-এর ডিরেক্টর নরেশ চন্দ্র মুর্মু-সহ সংস্থার বিশিষ্ট বিজ্ঞানী ও আধিকারিকরা। মন্ত্রী ক্ষুদিরাম টুডু সিএমইআরআই-এর গবেষণা ও প্রযুক্তিগত কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,গবেষণাগারের মাধ্যমে সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে ছোট ছোট ট্রাক্টর-সহ বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি। বিশেষ করে কৃষিকাজ ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত মানুষের কাছে এই সমস্ত যন্ত্র যথেষ্ট উপযোগী হয়ে উঠছে। এর ফলে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষত গ্রামীণ এলাকার মানুষজন। মন্ত্রী আরও জানান,শুধু গবেষণাগারে যন্ত্রপাতি তৈরি করাই নয়,সেই প্রযুক্তি যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়,তার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সিএসআর ফান্ডের মাধ্যমে এই সমস্ত যন্ত্রপাতি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশ কিছু যন্ত্রপাতি ভর্তুকি বা সাবসিডির মাধ্যমেও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এর ফলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষও আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারছেন বলে জানান মন্ত্রী। তাঁর বক্তব্য,গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি যদি বাস্তব জীবনে মানুষের কাজে লাগে, তবেই সেই গবেষণার প্রকৃত সার্থকতা। কৃষি থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ কাজকর্মে যন্ত্রের ব্যবহার বাড়লে মানুষের শ্রম ও সময় দুটোই সাশ্রয় হবে। একই সঙ্গে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রেও এই ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
দুর্গাপুরের সিএমইআরআই-তে জনজাতি গৌরব উৎসব
RELATED ARTICLES



