জামুড়িয়া,২০ এপ্রিলঃ রবিবার জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের কেন্দা অঞ্চলের ইস্ট কেন্দা ভুঁইয়া পাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ইসিএলের সদ্য নির্মীয়মান জলাধারের প্রাচীর ভেঙ্গে মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত ১ শিশু। ঘটনাটি ঘটে রবিবার বিকেল চারটে নাগাদ। জানা যায়,কয়েকদিন আগে জামুড়িয়ার কেন্দা অঞ্চলের ইস্ট কেন্দা ভুঁইয়া পাড়ায় সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি জলাধার বানানো হয়েছিল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে। রবিবার প্রথম সেই জলাধারে জল ভরার কাজ চললে গ্রামের বেশ কয়েকজন জল ট্যাংকির সামনে যায়। সেই সময় হঠাৎই চৌকা আকৃতির ওই জল ট্যাংকারের একটি অংশ ভেঙ্গে পড়ে, তাতে চাপা পড়ে মৃত্যু হয় ২ জনের এবং গুরুতর আহত হয় ১ শিশু। মৃত দুই ব্যক্তির নাম প্রকাশ ভূঁইয়া (৩১) ও পবন ভূঁইয়া (২০) এবং গুরুতর আহত শিশুটির নাম ভরত ভূঁইয়া (১০)। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় জামুরিয়া থানা ও কেন্দাফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে তাদের সকলকে উদ্ধার করে প্রথমে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রানীগঞ্জের রয়েল কেয়ারে পাঠানো হয়। সেখানে ডাক্তাররা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসিএল নিম্নমানের সামগ্রী দিয়ে এই জলাধার নির্মাণ করেছে সেই কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন জ্বলছে ক্ষোভের আগুন। অন্যদিকে এই ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের তরফে কোনরকম কোন বিবৃতি পাওয়া যায়নি। ঘটনায় ভূঁইয়া সমাজের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
ইসিএলের নির্মীয়মান জলাধারের প্রাচীর ভেঙ্গে ২ জনের মৃত্যু
RELATED ARTICLES



