Friday, November 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপরিত্যক্ত কারখানায় মজুত বেআইনি কয়লার পাহাড়,চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

পরিত্যক্ত কারখানায় মজুত বেআইনি কয়লার পাহাড়,চক্ষু চড়কগাছ তদন্তকারীদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ বড়জোড়ায় এবার বেআইনি কয়লা কারবারের বড় স্টক পয়েন্টের খোঁজ মিলল। তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত গোপনে বাঁকুড়ার বড়জোড়ায় বাসুদেবপুর এলাকায় থাকা একটি পরিত্যক্ত কারখানায় মজুত করা হয়েছিল হাজার হাজার টন বেআইনি কয়লা। সম্প্রতি এই মজুত কয়লা পাচার করতে গিয়ে জিএসটির হাতে ধরা পড়ে একাধিক কয়লা বোঝাই লরি। সেই সূত্রেই বাঁকুড়ার বড়জোড়ায় ওই পরিত্যক্ত কারখানায়  বেআইনি কয়লার এই বিপুল ভান্ডারের খোঁজ মেলে। জানা গেছে,২০১৫ সাল নাগাদ উৎপাদন বন্ধ হয়ে যায় বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাসুদেবপুর এলাকায় থাকা একটি স্পঞ্জ আয়রন কারখানা। এই কারখানা বন্ধ হতেই চারদিকে উঁচু পাঁচিল দেওয়া এই কারখানা চত্বরকেই বেআইনি কয়লার স্টক পয়েন্ট হিসাবে ব্যবহার করতে শুরু করে চোরাই কয়লার কারবারিরা। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই কারখানায় পশ্চিম বর্ধমান জেলার ইসিএলের বিভিন্ন খনি থেকে  বেআইনি ভাবে মজুত করা হয় কয়েক হাজার টন চোরাই কয়লা। অভিযোগ সে সময় এই স্টক পয়েন্ট থেকেই কয়লা বোঝাই করে গোপনে তা সরবরাহ করা হত বিভিন্ন স্পঞ্জ আয়রন কারখানায়। ২০২১ সালের পরে কেন্দ্রীয় একাধিক তদন্তকারী সংস্থা রাজ্য জুড়ে কয়লা পাচার ঘটনার তদন্তে নামতেই বড়জোড়ার এই কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা চোরাই কয়লার কারবার বন্ধ করতে বাধ্য হয় চোরাই কয়লা কারবারিরা। তখন থেকেই ওই কারখানা চত্বরে পড়ে রয়েছে মজুত থাকা হাজার হাজার টন চোরাই কয়লা। সম্প্রতি ওই কয়লা লরি বোঝাই করে পাচারের চেষ্টা শুরু হয়। কিন্তু পাচার শুরু হতেই কয়লা বোঝাই লরি ধরা পড়ে যায় জিএসটির হাতে। আর তারপরেই পরিত্যক্ত ওই কারখানায় কয়লার বেআইনি মজুতের হদিশ পায় তদন্তকারীরা। ওই কারখানায় কত হাজার টন কয়লা মজুত রয়েছে,কারখানা চত্বরে কে বা কারা কয়লা মজুত করেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য গোবিন্দ ঘোষের দাবি, তৃণমূলের প্রত্যক্ষ মদতেই চলত এই কয়লার কারবার। একই দাবি করেছেন সিপিএম এর বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী। অন্যদিকে অভিযোগ উড়িয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের দাবি,গোটা ঘটনার তদন্ত করলেই আসল তথ্য সামনে আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments