দুর্গাপুর,১ জুনঃ সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের পাশে একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে,রবিবার মধ্য রাতে দুস্কৃতিরা মদের দোকানের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। কুড়ুল দিয়ে দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ ৫ লক্ষ টাকা সহ দোকানে থাকা কিছু দামী মদের বোতল নিয়ে পালিয়ে যায়। চুরি ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। সেখানে মুখ ঢাকা একজনকে দোকানে ঢুকতে দেখা যায়। সোমবার সকালে কর্মীরা দোকান খুলতে এসে দেখেন ক্যাশ বাক্স খোলা এবং সেখানে থাকা নগদ ৫ লক্ষ টাকা নেই। খবর দেওয়া পুলিশে। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে ও সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করে নিয়ে যায়। দুষ্কৃতিদের সন্ধান করতে তদন্ত শুরু করেছে পুলিশ।




