Thursday, August 13, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিকনা গ্রাম পঞ্চায়েতে উপ প্রধানের পর এবার প্রধান নির্বাচনেও বিজেপির জয়

বিকনা গ্রাম পঞ্চায়েতে উপ প্রধানের পর এবার প্রধান নির্বাচনেও বিজেপির জয়

সংবাদদাতা,বাঁকুড়াঃ রাজ্যে পালাবদলের পর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান পরপর পদত্যাগ করায় ১২৫ দিনের কাজ সহ পঞ্চায়েতের বিভিন্ন কর্মকাণ্ড একপ্রকার বন্ধই হয়ে গিয়েছিল। গ্রাম পঞ্চায়েতে তৈরী হয়েছিল অচলাবস্থা। সেই অচলাবস্থা কাটাতে  আগেই উপ প্রধান নির্বাচন হয়। এবার নির্বাচিত হলেন প্রধানও। দুটি আসনই সংখ্যাগরিষ্ঠ ভোটের নিরিখে দখল করল বিজেপি। ঘটনা বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের। বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের ১৯ টি আসনের মধ্যে তৃণমূল ১০টি, বিজেপি ৭টি ও সিপিএম ২টি আসনে জয়লাভ করে। সংখ্যা গরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপ প্রধান পরপর পদত্যাগ করেন। ফলে ওই গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থা তৈরী হয়। অচলাবস্থা কাটাতে গত ২৪ জুলাই পুনরায় উপ প্রধান নির্বাচনের ডাক দেয় প্রশাসন। সেবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা ভোটে অংশ না নেওয়ায় একতরফা ভাবে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য সরোজ গরাই উপ প্রধান হিসাবে নির্বাচিত হন। এবার সেই একইভাবে প্রধান নির্বাচনের ভোটাভুটিতে অনুপস্থিত ছিল তৃণমূল। প্রধান নির্বাচনের ভোটে একতরফা ভাবে নির্বাচিত হন বিজেপির প্রতিমা কাপড়ি। প্রধান নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের সামনে উচ্ছাসে মেতে ওঠেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। বিরোধীদের সঙ্গে নিয়ে একসঙ্গে মানুষের পঞ্চায়েত গড়ে তোলার বার্তা দিয়েছেন জয়ী প্রধান প্রতিমা কাপড়ি ও উপ প্রধান সরোজ গরাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments