Thursday, August 13, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে নাবালকদের টাকা দিয়ে রক্তদান চক্রে গ্রেফতার আরও এক

দুর্গাপুরে নাবালকদের টাকা দিয়ে রক্তদান চক্রে গ্রেফতার আরও এক

দুর্গাপুর,১৩ আগস্টঃ নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার গ্রেপ্তার করা হলো এই চক্রের অন্যতম পান্ডা কিংশুক মুখার্জিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোটা ঘটনার মূল চক্রী হিসেবে কিংশুককে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। উড়িষ্যার ভুবনেশ্বর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। অভিযোগ,দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রের কাছ থেকে রক্তদান করানো হয়। এর বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত যত এগিয়েছে, ততই এই ঘটনাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের তদন্তে প্রথমে উঠে আসে দুর্গাপুরের একটি বেসরকারী স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ,দেবপ্রিয়ই আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের হাসপাতালে নিয়ে যেত। জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় পুলিশের কাছে দাবি করে,তাকে এই কাজে নামানো হয়েছিল অন্যদের মাধ্যমে। তদন্তে এরপর সামনে আসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদবের নাম। একই সঙ্গে এই ঘটনায় মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর যোগসূত্রের কথাও উঠে আসে। তবে তদন্তের মোড় ঘুরিয়ে দেয় কিংশুক মুখার্জির নাম। কিংশুকের বাড়ি দুর্গাপুরের বিধাননগরে হলেও এই ঘটনার পর থেকে সে উড়িষ্যায় ঢাকা দিয়েছিল। এরপরই উড়িষ্যায় অভিযান চালিয়ে কিংশুককে গ্রেফতার করা হয়। কিংশুক কে পুলিশি হেফাজতে নিয়ে তার সঙ্গে কার কার যোগাযোগ রয়েছে,নাবালক ছাত্রদের রক্তদানের জন্য কীভাবে এবং কার মাধ্যমে সংগ্রহ করা হচ্ছিল,এর বিনিময়ে অর্থ দেওয়ার ব্যবস্থা কীভাবে চলত এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না সমস্ত বিষয়টি  খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments