দুর্গাপুর,২৮ আগস্টঃ দুর্গাপুরে রাজবাঁধ অঞ্চলে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম বর্ষের ডাক্তারির পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো হস্টেল থেকে। মৃত ছাত্রের নাম অভিষেক কুমার (২১)। শুক্রবার দুপুর প্রায় আড়াইটা নাগাদ হস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিষেকের। তাঁর বাড়ি বিহারের সীতামারি এলাকায়। এদিন দুপুরে অভিষেকের রুমমেট নমাজ পড়তে গিয়েছিলেন। রুমে একাই ছিলেন অভিষেক। নমাজ পড়ে হস্টেলে ফিরে এসে রুমমেট সুহিত মন্ডল দেখেন রুমের দরজা বন্ধ ভিতর থেকে। অনেকবার ডাকা সত্ত্বেও সাড়া দেন নি অভিষেক। ফোন করলেও কোনও উত্তর পাওয়া যায় নি। এরপর একটা চেয়ার নিয়ে এসে জানালার ফাঁক দিয়ে সহপাঠীরা অভিষেকের ঝুলন্ত দেহ দেখতে পান। তৎক্ষনাৎ দরজা ভেঙে ভিতরে ঢুকে অভিষেকের নিথর দেহ উদ্ধার করেন সহপাঠীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হস্টেল চত্বরে। ছাত্র মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। প্রাথমিক তদন্ত করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু কি কারনে আত্মহত্যা করলেন অভিষেক তা বলতে পারছেন না সহপাঠীরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে সুব্রত ভট্টাচার্য বলেন, “আগামী দু’দিন পরে ফাস্ট ইয়ারের পরীক্ষা আছে। সেই কারণে একটু চিন্তায় ছিল ঠিকই। কিন্তু আত্মহত্যার কারণ জানা যায় নি। পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে”।
দুর্গাপুরে ডাক্তারি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
RELATED ARTICLES



