বাঁকুড়া,৩০ আগস্টঃ চাকরী দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন একসময়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজীব ঘোষাল। আজ ধৃত তৃণমূল নেতাকে বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়। আদালতে পাঠানোর সময় বেলিয়াতোড় থানা এলাকায় তাঁকে চোর চোর শ্লোগান দেয় স্থানীয়রা। বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন রাজীব ঘোষাল। একসময় তৃণমূলের যুবা সংগঠন তৈরী হলে রাজীব ঘোষাল বাঁকুড়া জেলার সভাপতির দায়িত্ব পান। সেই সূত্রেই তৎকালীন যুবা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন রাজীব ঘোষাল। মাস কয়েক আগে বেলিয়াতোড় থানায় হাজির হয়ে বেলিয়াতোড়ের এক বাসিন্দা স্থানীয় তৃণমূল নেতা পল্লব পাণ্ডের বিরুদ্ধে চাকরী দেওয়ার নাম করে চার লক্ষাধিক টাকা নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই ব্যক্তি জানান তৃণমূল আমলে তাঁকে বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চাকরী দেওয়ার নাম করে ৪ লক্ষ ২০ হাজার টাকা নেন ওই তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, চাকরী তো মেলেইনি। উল্টে বারেবারে সেই টাকা ফেরত চেয়েও পাননি। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে বেলিয়াতোড় থানার পুলিশ। গ্রেফতার করে পল্লব পান্ডেকে। পল্লব পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করে রাজীব ঘোষালের নাম পায় পুলিশ। এরপরই শনিবার রাতে কলকাতা থেকে রাজীব ঘোষালকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে এদিন বাঁকুড়া জেলা আদালতে পেশ করে বেলিয়াতোড় থানার পুলিশ।
চাকরী দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে অভিষেক ঘনিষ্ঠ নেতা গ্রেফতার
RELATED ARTICLES



