Monday, August 3, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকার্যালয় উদ্বোধন করতে এসে দলেরই নেতাকর্মীদের কাছে বাধা পেলেন বিজেপি বিধায়ক

কার্যালয় উদ্বোধন করতে এসে দলেরই নেতাকর্মীদের কাছে বাধা পেলেন বিজেপি বিধায়ক

সংবাদদাতা,জামুড়িয়াঃ রাজ্য রাজনীতিতে যখন সংগঠন মজবুত করার বার্তা দিচ্ছে বিজেপি,ঠিক সেই সময় দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল জামুড়িয়ার বীরকুলটিতে। নতুন দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় এমন এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়,যেখানে দলীয় বিধায়ককেই ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়,ঘটনাকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগও উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,বীরকুলটি গ্রামে নতুন একটি বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠান ছিল। কিন্তু সেই কার্যালয় থেকে প্রায় ২০০ মিটার দূরে আগে থেকেই জামুড়িয়া মণ্ডল–১-এর শক্তি কেন্দ্রের দলীয় কার্যালয় রয়েছে। নতুন কার্যালয় খোলা নিয়ে দলের একাংশের আপত্তি ছিল বলেই স্থানীয় সূত্রের দাবি। সেই বিতর্কই শেষ পর্যন্ত প্রকাশ্য উঠে এসেছে। অভিযোগ,বিজেপি বিধায়ক বিজন মুখার্জী উদ্বোধনের জন্য বীরকুলটিতে পৌঁছাতেই জামুড়িয়া মণ্ডল–১-এর সভাপতি পিনাকী রায়ের নেতৃত্বে শক্তি কেন্দ্র প্রমুখ দেবকুমার মুখোপাধ্যায় ওরফে বাপ্পা-সহ একদল কর্মী তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। নতুন কার্যালয় উদ্বোধন না করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয় বলেও অভিযোগ। বিজেপি কর্মী আদিত্যনাথ মুখোপাধ্যায়ের দাবি,পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর ভিড়ের মধ্যেই তাঁকে মারধর করা হয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন তাঁকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ তাঁর। যদিও এই ঘটনার জেরে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি। অন্যদিকে,সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জামুড়িয়া মণ্ডল–১-এর শক্তি কেন্দ্র প্রমুখ দেবকুমার মুখোপাধ্যায়। তাঁর দাবি, “এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। যদি সত্যিই মারধর হয়ে থাকে, তাহলে থানায় অভিযোগ দায়ের করা হোক। মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে”। ঘটনার বিষয়ে বিধায়ক বিজন মুখার্জীর সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। একই দলের দুই শিবিরের প্রকাশ্য সংঘাত,বিধায়ককে ঘিরে বিক্ষোভ এবং পাল্টা অভিযোগে অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments