সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর নগর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের মেন গেট এলাকায় ১৭ বছরের এক কিশোরের ডেঙ্গু ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহম্মদ রেওয়ান আনসারী নামে ওই যুবককে চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে গিয়েছে পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে,কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল রেওয়ান। প্রথমে উপসর্গ দেখে চিকিৎসক টাইফয়েডের কথা জানান। কিন্তু ওষুধ চলার পরেও জ্বর না কমায় রক্ত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। সেই পরীক্ষাতেই ডেঙ্গু ধরা পড়ে। রক্ত পরীক্ষার সংস্থার পক্ষ থেকে বিষয়টি দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়। এরপরই নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা মেন গেট এলাকায় পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করার কাজ শুরু করেন। তখনই বিষয়টি জানতে পারে কিশোরের পরিবার। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের তরফে কলকাতায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে,ওই কিশোর কলকাতায় থাকেন তবে দুর্গাপুরে তার দাদুর বাড়ি মাঝেমধ্যে আসে। তাই,ডেঙ্গু ঠিক কোথা থেকে হয়েছে তার নিয়ে ধন্দ রয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানান,একজনের ডেঙ্গু ধরা পড়েছে এবং তাঁর চিকিৎসা চলছে। ওই এলাকায় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি এলাকার মানুষকে সচেতনও করছেন। বিধায়ক দাবি করেছেন,রাজ্যে আগে ডেঙ্গু হলেও অনেক ক্ষেত্রে তা প্রকাশ করা হতো না। তবে আমরা তৃণমূলের মতো তথ্য লুকাই না।”
দুর্গাপুরে ডেঙ্গুর হানা,বাড়ি বাড়ি সচেতনতায় জোর পুরসভার
RELATED ARTICLES



