সংবাদদাতা,অন্ডালঃ সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি খুন,নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? অণ্ডালের উখড়ায় এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে কোপ মেরে খুনের ঘটনায় চাঞ্চল্য। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনার খবর বৃহস্পতিবার সকালে সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম চান্দা সিং (৪৬)। অভিযুক্ত প্রেম মণ্ডলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেছেন মৃতার আত্মীয় বিট্টু সিং। তাঁর বক্তব্য,চান্দা সিং ও প্রেম মণ্ডল একসঙ্গেই থাকতেন। বুধবার রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই বচসার মধ্যেই পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ,এরপরই ধারালো অস্ত্র দিয়ে চান্দা সিংয়ের গলায় কোপ মারে প্রেম মণ্ডল। রক্তাক্ত অবস্থায় মহিলার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। শেষ পর্যন্ত প্রেম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। উখড়া বাজারে তাঁদের একটি মাংসের দোকান রয়েছে। ঠিক কী কারণে এই নৃশংস ঘটনা ঘটল,তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সম্পর্কের টানাপোড়েনই কি এই খুনের কারণ,নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারন,তা খতিয়ে দেখছে পুলিশ।
উখড়ায় চাঞ্চল্য,ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে খুন
RELATED ARTICLES



