নিরসা,২ আগষ্টঃ ঝাড়খণ্ডের নিরসা মহকুমা এলাকায় অবৈধ লটারির কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নিরসা থানার পুলিশ। বিসিসিএলের একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ আবাসন থেকে অবৈধ লটারির মিনি প্রিন্টিং প্রেসের হদিস মিলেছে। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ছাপা লটারি টিকিট,প্রিন্টিং সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লটারি টিকিটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে,নিরসার এসডিপিও লিলেশ্বর মাহাতোর নেতৃত্বে চিরকুন্ডা থানার পুলিশ এই অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে বিসিসিএলের ওই পরিত্যক্ত কোয়ার্টারে তল্লাশি চালিয়ে পুলিশ দেখতে পায়,সেখানে অবৈধভাবে লটারি টিকিট ছাপানো ও প্যাকেজিংয়ের কাজ চলছিল। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশি অভিযানের পরে এলাকায় অবৈধ লটারি চক্রের সঙ্গে যুক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে,দীর্ঘদিন ধরেই এই পরিত্যক্ত বিসিসিএল কোয়ার্টারটি অবৈধ কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হচ্ছিল। মিনি প্রিন্টিং প্রেসের মাধ্যমে বিপুল পরিমাণ লটারি টিকিট তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। এই অবৈধ চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোন কোন এলাকায় এই লটারি টিকিট সরবরাহ করা হতো,তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিত্যক্ত কোয়ার্টারে চলছিল জাল লটারির টিকিট ছাপা, পুলিশি হানায় উদ্ধার কোটি টাকার টিকিট
RELATED ARTICLES



