দুর্গাপুর,২৩ আগস্টঃ কলকাতার অরিজিনাল সিরাজ রেস্তোরাঁর স্পেলিংয়ের শেষ অক্ষর Z । অভিযোগ ওই একই নামে দুর্গাপুরে রেস্তোরাঁ খুলে শুধু স্পেলিংয়ের শেষ অক্ষর J করে কার্যত লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছিল নকল সিরাজ। দুর্গাপুরের নকল সিরাজ রেস্তোরাঁতে এবার পাঁচা মাংস পরিবেশন করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। অর্ডার করা চিকেন তন্দুরি মুখে তুলতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ। অভিযোগ,পরিবেশিত খাবারটি নষ্ট ও পচা ছিল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় অবস্থিত নকল সিরাজ রেস্তোরাঁতে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। গুগুলম্যাপ দেখে এই রেস্তারাঁতে পরিবার নিয়ে খাবার খেতে এসেছিলেন কলকাতার বেলঘড়িয়ার বাসিন্দা রজত ঘোষ। পরিবার নিয়ে আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন তিনি। গুগুল সার্চ করে সিরাজ রেস্তোরাঁর সন্ধান পান দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে। নামী রেস্তোরাঁ বলে কথা। অতএব নিশ্চিন্তে দুপুরের লাঞ্চ করবেন বলে পরিবার নিয়ে আসেন রজতবাবু। তন্দুরী চিকেন মুখে দিতেই মোহভঙ্গ হয় তাঁর। একে পচা মাংস,তার ওপর রেস্তোরাঁর নামেও কারচুপি। রজত ঘোষ বলেন, “পচা চিকেন তন্দুরি দিয়েছিল। মুখে দিয়ে বুঝতে পারলাম মাংস পচা। প্রথমে অস্বীকার করে। পরে বলছে খাবার বদলে দিচ্ছি। আমাদের শরীর খারাপ হতে পারত পচা চিকেন খেয়ে। তার সাথে হোটেলের নামে স্পেলিংয়ে কারচুপি করা হয়েছে। অরজিনাল সিরাজের নামের স্পেলিংয়ে শেষে Z আছে। এখানে সিরাজের নামের শেষে J আছে”। রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রথম পচা মাংসের কথা অস্বীকার করেন। পরে অবশ্য তাঁরা স্বীকার করে নিয়েছেন তন্দুরি চিকেন নষ্ট হয়ে গিয়েছিল। খাবার বদলে দেওয়া হবে কাস্টমারকে জানানো হয়েছিল। পচা মাংস পরিবেশনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন সিটি সেন্টার পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। তদন্তের আশ্বাস দিয়েছেন। কিন্তু একটা সংস্থা দিনের পর দিন কলকাতার একটি নামী রেস্তোরাঁর নকল করে দুর্গাপুরে ব্যবসা করেছে। পচা মাংস পরিবেশন করছেন। স্থানীয় প্রশাসন কি তাহলে চোখে ঠুলি পড়ে বসে আছে ? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।
দুর্গাপুরের ‘নকল সিরাজ’ রেস্তোরাঁতে পচা মাংস পরিবেশন করার অভিযোগে চাঞ্চল্য
RELATED ARTICLES



