দুর্গাপুর,২৪ আগস্টঃ সেইল অধিনস্ত দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী আবাসন এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে নাগরিক পরিষেবা নিয়ে একাধিক সমস্যা। যার মধ্যে বড় সমস্যা হিসেবে রয়েছে কোয়ার্টার লাইসেন্সিং এর বিষয়টি। দুর্গাপুর ইস্পাত কারখানার আই এন টি ইউ সি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক রজত দিক্ষিত এবিষয়ে বলেন, “কোয়ার্টার লাইসেন্সিং নীতিতে আনা নতুন খসড়া ও কড়া নিয়মের ফলে আবাসন ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়ম কড়া হওয়ায় বহু পুরনো ও অবসরপ্রাপ্ত কর্মী বিপাকে পড়েছেন। আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে একটি সুষ্ঠ সমাধানের জন্য আন্দোলন করে আসছি। এদিনের সমাবেশেও ফের নতুন করে সেই দাবি তুলে ধরা হল”। দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার যৌথ ইউনিয়ন গুলির আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে সিজিএম (টিএস) দফতরে সোমবার দুপুরে এক বিশাল গণবিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। দাবিগুলির মধ্যে রয়েছে ডিএসপি ও এএসপিতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সমস্ত ইচ্ছুক শ্রমিককে অবিলম্বে কোয়ার্টার লাইসেন্সিং দিতে হবে,ইস্পাত নগরীর চলাচল অযোগ্য সমস্ত মেন রোড ও স্ট্রিট রোড মেরামত করতে হবে,রাস্তার আলো,জঙ্গল সাফাই,ড্রেন পরিস্কার,দুই বেলা পরিশ্রুত জল ও অবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করতে হবে। সেই সঙ্গে নতুন শ্রমিকদের উন্নতমানের কোয়ার্টার প্রদান এবং অবিলম্বে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করতে হবে। এদিনের গণবিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন।
কোয়ার্টার লাইসেন্সিং সহ একাধিক দাবিতে ইস্পাত নগরীতে বিক্ষোভ সমাবেশ
RELATED ARTICLES



