বাঁকুড়া,২২ আগস্টঃ বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার গোপন ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ এই নেশা সামগ্রী সরবরাহ চক্রের মূল পাণ্ডাকে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে যুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দিন কয়েক আগেই বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়া শহরের ওই এলাকাতে হানা দিয়ে ফের বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধার করল পুলিশ। বিশেষ সূত্রে পুলিশ জানতে পারে কেঠারডাঙ্গা এলাকায় জাকির ভুঁইয়া নামের স্থানীয় এক বাসিন্দার বাড়িতে বিপুল পরিমাণ নেশার সামগ্রী মজুত রয়েছে। খবর পেতেই আটঘাট বেঁধে অভিযানে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। চারিদিক থেকে বাড়ি ঘিরে বাড়ি তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নেশার সামগ্রী। পুলিশ জানিয়েছে ওই বাড়িতে মজুত রাখা ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ছাড়াও উদ্ধার হয় মোট ৩৩৪০ টি নেশার ট্যাবলেট। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া কাফ সিরাপের বোতলগুলির প্রতিটিতে ১০০ মিলিমিটার করে নিষিদ্ধ কাফ সিরাপ রয়েছে। ঘটনায় বাড়ির মালিক জাকির ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছে নিজের বাড়িতে বিপুল পরিমাণ ওই নেশা সামগ্রী মজুত রেখে সেখান থেকেই বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে সরবরাহ করত ধৃত জাকির ভুঁইয়া। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন (ডিএসপি, আইনশৃঙ্খলা) অরুণাভ দাস।
বাঁকুড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার
RELATED ARTICLES



