দুর্গাপুর,১৬ অক্টোবরঃ উৎসবের আনন্দ সবার,পুজোর খুশিও ভাগ করে নেওয়ার। আর সেই আনন্দকে আরও সুন্দর করে তুলতেই বিশেষ উদ্যোগ নিল দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। আবাসিকদের নিয়ে দুর্গাপুরের বিভিন্ন বড় বড় থিমের দুর্গাপুজো পরিক্রমার আয়োজন করা হয় হাসপাতালের পক্ষ থেকে। পুজোর রঙিন আলো,চোখ ধাঁধানো মণ্ডপ আর প্রতিমার টানে আবাসিকদের মুখে ফুটে ওঠে খুশির হাসি। দুর্গাপুজো মানেই নতুন পোশাক, আলোর রোশনাই,মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো আর প্রিয়জনদের সঙ্গে আনন্দে মেতে ওঠা। কিন্তু অনেকের কাছেই সেই আনন্দ উপভোগ করার সুযোগ সব সময় হয়ে ওঠে না। তাঁদের জীবনে উৎসবের সেই খুশি কিছুটা বাড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আবাসিকদের দুর্গাপুরের বেশ কয়েকটি বড় ও আকর্ষণীয় পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয়। মণ্ডপের সাজসজ্জা,প্রতিমা এবং উৎসবের পরিবেশ উপভোগ করেন তাঁরা। পুজো পরিক্রমার সঙ্গে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও। একসঙ্গে ঘোরাঘুরি,খাওয়া দাওয়া এবং আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে তোলার চেষ্টা করা হয়। উৎসবের মরশুমে এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা দেয়। পুজোর আনন্দ যে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়,বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেও যে উৎসবের প্রকৃত সার্থকতা লুকিয়ে রয়েছে,সেই বার্তাই তুলে ধরল বিধাননগরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আবাসিকদের নিয়ে পুজো পরিক্রমায় বিধাননগরের বেসরকারি হাসপাতাল
RELATED ARTICLES



