সংবাদদাতা,বাঁকুড়াঃ রাত পোহালেই জেলা সফরে বাঁকুড়ায় আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা তার। প্রশাসনিক সূত্রে জানা গেছে,আগামীকাল মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ হেলিকপ্টারে করে বাঁকুড়ার কড়গাহিড় হেলিপ্যাডে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সেখান থেকে সার্কিট হাউসে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পরে বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে পশ্চিমাঞ্চলের ৭ টি জেলাকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক যোগ দেবেন বলে জানা গেছে। এই বৈঠকে পশ্চিমাঞ্চলের সাত জেলার জেলা শাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি সহ ৭৪টি ব্লকের বিভিন্ন বিধায়কদের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও ব্লকের প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকার কথা। বৈঠকে প্রতিটি জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি,সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হতে পারে। সূত্রের খবর,সংশ্লিষ্ট জেলার আধিকারিকরা তাঁদের জেলার উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন। একইসঙ্গে কোথায় উন্নয়নের কাজ পিছিয়ে রয়েছে, কোথায় কী ধরনের সমস্যা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে প্রশাসনিক ঘাটতি রয়েছে সেসব বিষয়ও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আগামীকালের মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সাজো সাজো রব পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অফিস,সার্কিট হাউস সহ বৈঠকস্থল জেলা পরিষদ অডিটোরিয়াম চলছে প্রশাসনিক প্রস্তুতি।
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী
RELATED ARTICLES



