সংবাদদাতা,দুর্গাপুরঃ রথযাত্রার পুণ্য লগ্ন। মন্ত্রোচ্চারণে,পূজা-অর্চনায়,উৎসবের আবহে শুরু হল দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন ক্ষুদিরাম মাঠের দুর্গাপুজোর কাউন্টডাউন। বন ও পরিবেশমন্ত্রী দিবাকর ঘরামির উপস্থিতিতে খুঁটি পুজোর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবারের আয়োজনের। এবারের চমক অযোধ্যার রাম মন্দির। সেই মন্দিরের আদলেই গড়ে উঠবে বিশাল থিম মণ্ডপ। থাকবে নজরকাড়া স্থাপত্য। দৃষ্টিনন্দন আলোকসজ্জা। আয়োজনেও থাকছে নতুনত্ব। উদ্যোক্তাদের দাবি,এবারের পুজো হবে জেলার অন্যতম আকর্ষণ। ‘ইচ্ছে পূরণ’-এর উদ্যোগে টানা চার বছর ধরে হচ্ছে এই পুজো। প্রধান উদ্যোক্তা বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন,বহু টাকা ব্যয়ে তৈরি হবে মণ্ডপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসবেন বলেই আশা। ক্ষুদিরাম মাঠের পুজো এবার জেলার সেরাদের তালিকায় জায়গা করে নেবে বলেও আত্মবিশ্বাসী তিনি। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী দিবাকর ঘরামি বলেন, “এবারের দুর্গাপুজো গোটা রাজ্যেই অন্য মাত্রা পাবে। ক্ষুদিরাম মাঠের এই পুজোও মানুষের মন কাড়বে। রথযাত্রার মধ্য দিয়েই উৎসবের আবহ শুরু হয়েছে। আর মাত্র তিন মাস। তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো”। খুঁটি পুজোর দিন থেকেই উৎসবের উন্মাদনা ছড়াতে শুরু করেছে এলাকাজুড়ে। এখন থেকে শুরু হবে মণ্ডপ নির্মাণের কাজ। ধীরে ধীরে রূপ নেবে অযোধ্যার রাম মন্দির। আর সেই মন্দির দেখতেই পুজোর চার দিনে ক্ষুদিরাম মাঠে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড় এমনটাই আশা উদ্যোক্তাদের।
রাম মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ,খুঁটি পুজোয় উপস্থিত মন্ত্রী দিবাকর ঘরামী
RELATED ARTICLES



