দুর্গাপুর,১১ অক্টোবরঃ যাঁরা দিন-রাত এক করে আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন,যাঁদের নিঃস্বার্থ পরিশ্রমে আমাদের শহর নিশ্বাস নেয় স্বস্তিতে, সেইসব কাবাডিওয়ালা ও জঞ্জাল সাফাই কর্মীদের প্রতি শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতা জানাতে আয়োজিত হলো এক বিশেষ মানবিক কর্মসূচি। ‘দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি’ এবং ‘আসার’ (এএসএআর) -এর যৌথ উদ্যোগে এবং রোটারী ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির সহযোগিতায় রবিবার,বিধাননগরের ডিডিএ মার্কেটের জীবনদান ভবন প্রাঙ্গণে ২৭ নং ওয়ার্ডের কাবাডিওয়ালা ও সাফাই কর্মীদের সুরক্ষা ও কল্যাণে জনপ্রতি ‘১০ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা প্রদান কর্মসূচি’ উদযাপিত হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাবের সেবা সম্পর্কিত লাইট বোর্ডেরও উদ্বোধন করা হয়। প্রতিদিনের জীবনযুদ্ধে এই মানুষগুলো নানা ঝুঁকি নিয়ে কাজ করেন অথচ প্রায়শই তাঁরা থেকে যান প্রচারের আড়ালে। তাঁদের এবং তাঁদের পরিবারের ভবিষ্যৎকে কিছুটা সুরক্ষিত করার এই প্রচেষ্টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর ডিস্ট্রিক্ট গভর্নর ডা: অসীম কান্তি অধিকারী। সভা পরিচালনা করেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির সভাপতি বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারী,বিশিষ্ট চিকিৎসক ডা: উদয়ন চৌধুরী,ডা: ভি ভি গাঁতাইত,ডা: অভিষেক,রক্তদান আন্দোলনের নেতা রাজেশ পালিত,সৌমেন চক্রবর্তী,নয়ন রঞ্জন ঘোষ,কল্যাণ দত্ত,সমাজসেবী রোটারিয়ান বিশাল হান্ডা,বন্দনা ঘোষ,সুবীর রায় প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, “সমাজের এই প্রান্তিক অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষগুলোর মুখে একটু প্রশান্তির হাসি ফোটাতে পারা এবং তাঁদের নিরাপত্তার দায়িত্ব কিছুটা নিজের কাঁধে তুলে নেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এটি কেবল বিমা প্রদান নয়,এটি তাঁদের কাজের প্রতি আমাদের আন্তরিক সম্মান ও ভালোবাসার প্রকাশ”। আয়োজক সংস্থার পক্ষ থেকে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির সভাপতি বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী জানান,আগামী দিনেও সাধারণ মানুষের কল্যাণে এবং সামাজিক সুরক্ষায় এই ধরনের মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।




